বিনোদন রিপোর্ট
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘শোনো পৃথিবী শোনো’ শিরোনামের একটি গানের সুর করেছেন প্রখ্যাত সংগীতশিল্পী আলম আরা মিনু। নারীদের শ্রদ্ধা জানিয়ে গানটি রচনা করেছেন গীতিকবি অধরা জাহান। গানটির মাধ্যমে দীর্ঘদিন পর কোনো গানের সুর করলেন মিনু। অনেকদিন পর গানে সুর করা প্রসঙ্গে আলম আরা মিনু বলেন, ‘আগেও আমি বেশকিছু গানের সুর করেছি। কিন্তু মাঝে সুর করা থেকে বিরত ছিলাম। শোনো পৃথিবী শোনো গানটির সুর করার মধ্য দিয়ে আবারো সুরের ভুবনে আমার যাত্রা শুরু হলো। আশা করছি এখন থেকে নিয়মিতই গানের সুর করবো। আর নারী দিবসে গানে গানে নারীদের শ্রদ্ধা জানাতে পেরে সত্যিই অনেক ভালো লাগছে।’
মানাম আহমেদের সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন রুমানা ইসলাম, আঁখি আলমগীর, রিজিয়া পারভীন, কনা, ন্যান্সি, নিশীতা বড়ুয়া, অবন্তী সিঁথি ও আলম আরা মিনু। গানটিতে কবিতা আবৃত্তি করেছেন বুলবুল মহলানবিশ, অর্পা ও অধরা জাহান। এছাড়া গানটির সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন চাঁদনী। অধরা জাহান বলেন, ‘আমি মুগ্ধ, আবেগাপ্লুত, যারা আমাকে ও মিনু আপাকে শ্রদ্ধা জানিয়ে গান গেয়েছেন, কবিতা আবৃত্তি করেছেন। তাদের স্নেহ-ভালোবাসার প্রতি আমি কৃতজ্ঞ। সুরকার মিনু আপার প্রতি আজীবন শ্রদ্ধা রাখার নিরন্তর চেষ্টা করবো। অনেক কৃতজ্ঞতা মানাম ভাইয়ের প্রতি। পৃথিবীর সকল নারী-পুরুষের প্রতি উত্সর্গকৃত আমাদের এই প্রয়াস। কারণ পুরুষহীন কোনো নারী দিবসের অস্তিত্ব নেই।’ গানটি প্রসঙ্গে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী আঁখি আলমগীর বলেন, ‘গানটি গীতিকার ও সুরকার দুজন নারী। যে কারণে গানটির প্রতি সত্যিই এক অন্যরকম ভালোলাগা, ভালোবাসা কাজ করেছে। আমরা সবাই বেশ আন্তরিকতা নিয়ে কাজটি করেছি। সুন্দর একটি গান হয়েছে। আমার বিশ্বাস নারীদের শ্রদ্ধা জানিয়ে এমন একটি গান সবারই ভালো লাগবে।’ গানটির গীতিকার অধরা জাহান জানান, তার নিজেস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পাবে। এছাড়া আজ থেকে আরটিভিতেও গানটির প্রচার শুরু হবে।