সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
সৈয়দপুরে বিভিন্ন স্থানে চাষকৃত আলু খেত থেকে আলু তোলা প্রায় শেষ। নতুন করে চাষের উপযোগী করার জন্য সেসব জমি প্রস্তুত করতে হাল চাষ দিচ্ছেন কৃষকরা। আর এসব জমিতে ছুটে বেড়াতে দেখা যায় একঝাঁক শিশুদের। ওরা কৃষকের খেতে ছেড়ে যাওয়া আলু কুড়িয়ে ও খুঁড়িয়ে সংগ্রহ করছে। সবার বয়স দুই থেকে ১৩ বছরের মধ্যে। কেউ স্কুল-মাদ্রাসায় পড়ে। কেউ বা এখনো প্রতিষ্ঠানের চৌকাঠ পেরোয়নি। আলু কুড়াতে আসা শিশু আসমা, রুমন, আকাশ, জয়া, শেফালি জানায়, আলু কুড়াতে ভালো লাগে। আর বাড়িতে সারা বছরের জন্য যে আলু লাগে তা এভাবে সংগ্রহ করে ওরা।