পোশাকশ্রমিকদের পূর্ণ বেতনে ৬ মাসের মাতৃত্বকালীন ছুটি দাবি

ইত্তেফাক রিপোর্ট

তৈরি পোশাক কারখানার নারী শ্রমিকদের পূর্ণ বেতনে ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করাসহ ১০ দফা দাবি জানিয়েছে ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি)। গতকাল রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে ‘আইএলও কনভেনশন ১৯০ অনুস্বাক্ষর কর’ শিরোনামে আলোচনাসভায় এসব দাবি তোলা হয়। আইবিসি নারী কমিটির সভাপতি হাসিনা আক্তারের সভাপতিত্বে সভায় সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সালাউদ্দিন স্বপন, সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কামরুল হাসানসহ অন্যরা বক্তব্য দেন। নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত ছাড়া সংগঠনের অন্যান্য দাবির মধ্যে রয়েছে—সরকার কর্তৃক আইএলও কনভেনশন ১৯০ অনুস্বাক্ষর/অনুমোদন করা, ট্রেড ইউনিয়নের প্রতিটি স্তরে ৪০ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করা, নারী শ্রমিকদের প্রতি অসম্মানজনক আচরণ ও যৌন হয়রানি বন্ধ করা। এছাড়া নারী শ্রমিকদের জন্য প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচ্যুইটিসহ সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি করা হয়। সরকারি নির্দেশ মোতাবেক কোনো নারী শ্রমিককে রাত ১০টার পর কাজ না করানো, প্রতিটি কারখানায় শিশু পরিচর্যাকেন্দ্র রাখা এবং শিশুদের জন্য সুষম খাদ্য ও সুচিকিত্সার ব্যবস্থা করা, নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করার দাবি উল্লেখযোগ্য।