এনপিওকে আরো আধুনিক সংস্থায় রূপান্তরিত হতে হবে :শিল্পমন্ত্রী

ইত্তেফাক রিপোর্ট

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি বলেন, স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তোরণের ফলে সারা বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে, পণ্যের গুণমান ও পরিমাণ বৃদ্ধির উপর সর্বাধিক গুরুত্ব দিতে হবে। এ লক্ষ্যে ন্যাশনাল  প্রোডাক্টিভিটি অর্গানাইজেশনকে (এনপিও) আরো আধুনিক ও শক্তিশালী সংস্থায় রূপান্তরিত হতে হবে। সেইসঙ্গে ভবিষ্যতে এনপিওর পরিধি আরো বাড়াতে হবে। জাতীয় উত্পাদনশীলতা পরিষদ (এনপিসি)-এর ১৬তম সভায় সভাপতিত্বকালে শিল্পমন্ত্রী এসব কথা বলেন। এনপিওর পরিচালক ও পরিষদের সদস্য সচিব নিশ্চিন্ত কুমার পোদ্দারের পরিচালনায় কামাল আহমেদ মজুমদার এমপি এতে সহসভাপতি এবং শিল্পসচিব কে এম আলী আজম সদস্য হিসেবে উপস্থিত ছিলেন। গতকাল রবিবার শিল্প মন্ত্রণালয়ে সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, বাংলাদেশ কারিগরি শিক্ষা কারিকুলামে উত্পাদনশীলতা বিষয়ক কন্টেন্টটি শিক্ষাবর্ষ ২০২২ সালে পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্তকরণের লক্ষ্যে প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত যোগ্যতাভিত্তিক শিক্ষাক্রম প্রণয়নের কাজ চলমান রয়েছে। বাংলাদেশ ন্যাশনাল প্রোডাক্টিভিটি মাস্টার প্ল্যানটি সরকারের অষ্টম পঞ্চ বার্ষিকী পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হয়েছে।