কাতার ২০২০ বিশ্বকাপ বাছাই
স্পোর্টস রিপোর্টার
কাতার বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের হোম ম্যাচ খেলতে আসবে না। তারা সাফ জানিয়ে দিয়েছে আগামী ২৫ মার্চ সিলেটে বাংলাদেশ এবং আফগানিস্তানের ম্যাচ খেলতে আসছে না। পরশু জানিয়েছে আফগানিস্তান। আর গতকাল বাফুফে সেটি জানিয়ে দিয়েছে। এখন প্রশ্ন উঠছে এই ম্যাচ কোথায় হবে। আফগানিস্তান চাইছিল তারা কাতারে এক ভেন্যুতে খেলবে। আর তাছাড়া বাংলাদেশের গ্রুপের অন্যান্য খেলা এক ভেন্যুতে হবে সেটা কাতারে, জুনে। আফগানিস্তান দেখছে অন্যান্য খেলা যদি এক ভেন্যুতে হয় তাহলে তারাই বা কেন অযথা এক ম্যাচ খেলার জন্য বাংলাদেশে যাবে।
বাংলাদেশের গ্রুপে যে কয়টি ম্যাচ বাকি ছিল তার সব কয়টি বাংলাদেশে মাঠেই হওয়ার কথা। কিন্তু কোভিডের কারণে সেটি হচ্ছে না। ফিফার বহু ম্যাচের শিডিউল নষ্ট হয়েছে। সম্প্রতি ব্রাজিল আর্জেন্টিনার নির্ধারিত ম্যাচও হচ্ছে না।
বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ভেন্যু সিলেট থাকার পরও বাংলাদেশের প্রাপ্য বুঝে নিতে পারছে না বাফুফে। হোম ভেন্যুতে নিজেদের ম্যাচ হলে সেখানে বাড়তি সুবিধা পাওয়া যায়। অন্য কোনো দেশের ভেন্যুতে খেলা হলে এই সুবিধা নেই। সেটা বাফুফে ভালো করেই জানে। আফগানিস্তান খেলতে আসতে চায় না। কারণ তাদের বেশির ভাগ ফুটবলার ইউরোপের লিগে খেলে থাকেন। সেখান থেকে এক ম্যাচের জন্য এলে কোয়ারিন্টিনে থাকতে হবে। ম্যাচ শেষ করে ইউরোপে ঢুকতে হলে আবার সেই খেলোয়াড়দের কোয়ারিন্টিনে ঢুকতে হবে। এত ছক্কিঝামেলা পোহানের চেয়ে বাংলাদেশ এক ভেন্যুতে খেললে সমস্যা সমাধান হয়ে যায়। এই যুক্তি দাঁড়া করিয়ে আফগানিস্তান এত দিন এএফসির সঙ্গে যোগাযোগ রেখেছিল। পালটা পত্র চালাচালিতে এএফসি বাংলাদেশ এবং এবং আফগানিস্তানকে বলে দিয়েছিল তোমরা ঠিক করে নাও। আফগানিস্তান বলে দিয়েছে তারা বাংলাদেশে আসবে না।
আফগানিস্তানে খেলতে পারবে না বলে আফগান ফুটবল দল বাংলাদেশকে তাজিকিস্তানে নিয়ে খেলিয়েছে। এখন করোনার কারণ তুলে ধরে বাংলাদেশে আসতে চায় না। সমস্যাটা আফগানিস্তানের। আর গতকাল বিকালে বাফুফের সাধারণ সম্পাদক যেভাবে আফগানিস্তানের সমস্যাগুলো ব্যাখ্যা করলেন শুনে মনে হলো সমস্যাটা বাংলাদেশের। যা-ই হোক বিষয়টা নিয়ে আজ ন্যাশনাল টিমস কমিটির জরুরি সভা রয়েছে সেখানে একটা সিদ্ধান্তে পৌঁছাবে এই কমিটি। তবে গ্রহণযোগ্য যুক্তি ছাড়া যদি ম্যাচ আয়োজন করতে না পারে তাহলে সেটি হবে বাফুফের ব্যর্থতা।
তবে এই ম্যাচ হলে বাংলাদেশ নেপালে চার জাতির টুর্নামেন্ট খেলতে যাবে। ২০-৩০ মার্চ টুর্নামেন্ট হওয়ার কথা রয়েছে। তার আগে ২৩ ফুটবলার নিয়ে প্রস্তুতি শুরু করবে জেমি ডে, সেটা জানিয়ে জেমি বলেন, ‘কবে অনুশীলন শুরু করব নির্ভর করছে আফগানিস্তান বাংলাদেশ ম্যাচের সুরাহা হয়ে গেলে।’