শেষ ওভারে জিতল ইমার্জিং দল

স্পোর্টস রিপোর্টার

আয়ারল্যান্ড উলভসের ক্রিকেটার রুহান প্রিটোরিয়াস করোনা পজিটিভ হওয়ায় ৫ মার্চ পরিত্যক্ত হয়েছিল প্রথম ওয়ানডে। এক দিনের ব্যবধানেই প্রিটোরিয়াস ও দুই দলের সব ক্রিকেটার করোনা নেগেটিভ রিপোর্ট পেয়েছেন। করোনা আতঙ্ক কাটিয়ে গতকাল পূর্বসূচি অনুযায়ী চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গড়িয়েছে বাংলাদেশ ইমার্জিং দল-আয়ারল্যান্ড উলভসের মধ্যকার সিরিজের দ্বিতীয় ওয়ানডে।

ব্যাটে-বলে লড়াইটাও জমেছে বেশ। সাগরিকায় ম্যাচের শেষ ওভারে জয় পেয়েছে স্বাগতিকরা। শামীম পাটোয়ারির ঝড়ো ব্যাটিংয়ে ২ বল আগে ৪ উইকেটের দারুণ জয় তুলে নেয় ইমার্জিং দল। এ জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল সাইফ হাসানের দল। আগামীকাল একই ভেন্যুতে তৃতীয় ওয়ানডেতে মাঠে নামবে দুই দল। জয়ের জন্য শেষ ১২ বলে ২৩ রান দরকার ছিল বাংলাদেশ ইমার্জিং দলের। জশ লিটলের করা ওভারে একটি চার ও একটি ছক্কায় ১৪ রান তুলেন শামীম। পূর্ণ করেন নিজের হাফ সেঞ্চুরি। শেষ ওভারে দরকার ছিল ৯ রান। প্রথম বলেই চার মারেন সুমন। বাকি তিন বলে জয়ের বন্দরে পৌঁছায় স্বাগতিকরা। ৪৯.৪ ওভারে ৬ উইকেটে ২৬৪ রান তুলে জয় নিশ্চিত করে সাইফ বাহিনী।

২২০ রানে ৬ উইকেট পতনের পর সুমন খানকে নিয়ে দলকে টেনে গেছেন শামীম। তারা ৪৪ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন ছিলেন। ৩৯ বলে অপরাজিত ৫৩ রান (৩ চার, ২ ছয়) করেন শামীম। ১১ রানে অপরাজিত ছিলেন সুমন। ইনিংসের শুরুতে বাংলাদেশ এগিয়েছে ছোট ছোট জুটিতে। তিনে নেমে ৬৬ রান করা মাহমুদুল হাসান জয়ই দলকে লড়াইয়ে টিকিয়ে রেখেছিলেন। এছাড়া সাইফ হাসান ৩৬, তামিম জুনিয়র ১৭, ইয়াসির আলী ৩১, তৌহিদ হূদয় ৩১ রান করেন। এর আগে টসে হেরে ব্যাট করা আইরিশরা ৭ উইকেটে ২৬৩ রান তুলেছিল। যেখানে বড় অবদান করোনার ধাক্কা কাটিয়ে ওঠা প্রিটোরিয়াসের। ৯০ রান করেন তিনি।   ওপেনিংয়ে নেমে জেমস ম্যাককুলামের সঙ্গে গড়েন ৮৮ রানের জুটি। যা বড় স্কোরের ভিত এনে দেয় সফরকারী দলকে। ম্যাককুলাম ৪১, দোহেনি ৩৭, হ্যারি টেক্টর ৩১, গেটকাটে ২৯, ডেলানি ১৮ রান করেন। বাংলাদেশের সুমন খান, রাকিবুল ২টি করে এবং শফিকুল-মুকিদুল ১টি করে উইকেট পান।