ক্ষমা চাইতে সুজনকে আইনি নোটিশ

স্পোর্টস রিপোর্টার

গত ২০ ফেব্রুয়ারি কক্সবাজারে লেজেন্ডস চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালে জাতীয় দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসানকে মারতে তেড়ে গিয়েছিলেন খালেদ মাহমুদ সুজন। সেই ঘটনার জের ধরে সাবেক অধিনায়ক ও বর্তমানে বিসিবির পরিচালক সুজনকে অগ্রজ রকিবুলের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আবু তালেব গতকাল এ নোটিশ পাঠিয়েছেন। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন এ আইনজীবী। তিনি বলেছেন, সংক্ষুদ্ধ হয়ে জনস্বার্থে এ নোটিশ পাঠিয়েছেন। বীর মুক্তিযোদ্ধা রকিবুলকে আক্রমণের ঘটনায় হতবাক, বিস্মিত সবাই। প্রকাশ্যে ক্ষমা চাইতে সুজনকে সাত দিনের সময় দেওয়া হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে বলা হয়েছে।  রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ খেলতে এখন ভারতে অবস্থান করছেন সুজন। বিসিবির প্রধান ম্যাচ রেফারি রকিবুল অবশ্য গতকাল আইনি নোটিশ পাঠানোর বিষয়টি জানেন না বলে দাবি করেছেন। তার মতে, কেউ ক্ষুব্ধ হয়ে নোটিশ পাঠাতে পারে।