স্পোর্টস রিপোর্টার
এক দিন আগে মোহামেডানের পরিচালনা পর্ষদের নির্বাচন হয়ে গেল। যারা নির্বাচিত হলেন আর যারা নির্বাচন না করেও নির্বাচনে ব্যস্ত ছিলেন তাদের কাউকে কালকের মোহামেডানের ম্যাচে দেখা গেল না। বঙ্গবন্ধু স্টেডিয়ামে লিগের প্রথম পর্বের শেষ ম্যাচে মোহামেডান মাঠে নেমেছিল। শেখ জামাল ২-০ গোলে হারিয়েছে মোহামেডানকে। খেলা যখন চলছিল তখন প্রেসবক্সে আলোচনার কেন্দ্রবিন্দু মোহামেডানের নির্বাচন। আগের দিন লা মেরিডিয়ান হোটেলে উত্সবমুখর নির্বাচন হয়েছে। প্রার্থীর পক্ষে-বিপক্ষে সাবেক খেলোয়াড়, সংগঠক, কত জনই নির্বাচনি ভেন্যুতে তত্পরতা দেখিয়েছেন। আর প্রার্থীরা ভোটারদের বলছিলেন তারা মোহামেডানের উন্নতির জন্য জীবন দিয়ে ফেলবেন।
গতকাল যখন মোহামেডানের ফুটবল ম্যাচ হচ্ছিল তখন শেষ দিকে দুই পরিচালক জামাল রানা ও আবু হাসান চৌধুরী প্রিন্স এসেছিলেন। এছাড়া দুই-চার জন সাবেক খেলোয়াড় জনি, কানন, সাব্বির, সাজেদ আদেল, আলম, এম এ সালাম এসেছিলেন, তারা ভিআইপিতে বসেছিলেন। অনেকের ধারণা ছিল নির্বাচনের পর দিন ১৬ পরিচালকদের সবাই মাঠে যাবেন, খেলা দেখবেন। খেলোয়াড়দের প্রেরণা দেবেন। কিন্তু এমন একটা ছবি তুলতে পারেননি মাঠের ফটো সাংবাদিকরা। লিগের ফিরতি পর্বে সবাই আসবেন মাঠে।