ইত্তেফাক ডেস্ক
গতকাল যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণদানের অর্ধশত বছর পূর্তি নানা আয়োজনে উদ্যাপন করা হয়েছে। সভা-সমাবেশে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার করা হয়।
গাজীপুর প্রতিনিধি জানান, জেলা প্রশাসনের উদ্যোগে সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ম্যুরালে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাট মন্দিরে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন সরদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার জাকির হাসান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. জহিরুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিন ও আব্দুর রউফ নয়ন, প্রফেসর এম এ বারী, অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক প্রমুখ। এ উপলক্ষ্যে সদর মেট্রো থানার উদ্যোগে আলোচনাসভা ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদ্যাপন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। বক্তব্য রাখেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুত্ফুল কবির। এ ছাড়া গাজীপুর মহানগর আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনাসভায় বক্তব্য রাখেন সিটি মেয়র মো. জাহাঙ্গীর আলম। দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ধান গবেষণা ইনস্টিটিউট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, ডুয়েট, জাতীয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নানা কর্মসূচি পালন করে।
কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা জানান, কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে নবনির্মিত স্বাধীনতা স্মৃতিস্তম্ভে চিত্রাঙ্কন ও ভাষণ প্রতিযোগিতা, আলোচনা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, বীর মুক্তিযোদ্ধাবৃৃন্দ।
পরে স্বাধীনতা স্মৃতিস্তম্ভে উপজেলা পরিষদে কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ সংগীত এবং উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন ও ভাষণ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি। তিনি বিকালে কালীগঞ্জ থানা আয়োজিত থানা চত্বরে এবং উপজেলা আওয়ামী লীগ আয়োজিত দলীয় কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন এবং বক্তব্য দেন।
মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, গতকাল সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়। এ সময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, প্রেসক্লাব, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। এ ছাড়া দিবসটিকে ঘিরে নানা প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, শিশু একাডেমিতে অনলাইনে বঙ্গবন্ধুর ভাষণ, আবৃত্তিসহ সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনাসভার আয়োজন করা হয়। বিকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজন করা হয় আলোচনাসভা ।
মানিকগঞ্জ প্রতিনিধি জানান, মানিকগঞ্জে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। এছাড়া জেলা আওয়ামী লীগের আয়োজনে এই বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ করা হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সহসভাপতি আব্দুল মজিদ ফটো, রমজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, পৌর আওয়ামী লীগের সভাপতি মুনায়েম খান, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ ।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, রূপগঞ্জ থানা পুলিশের উদ্যোগে আলোচনাসভার আয়োজন করা হয়। রূপগঞ্জ থানা ভবন মাঠে আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ থানার ওসি মহসিনুল কাদির। প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। তিনি বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণই ছিল স্বাধীনতার ঘোষণা। ৭১-এ বঙ্গবন্ধুর ডাকে নিরস্ত্র বাঙালি মুক্তিযুদ্ধে পাক সেনাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। ৭ই মার্চের ভাষণ, স্বাধীনতা ও বিজয় অর্জন একই সুতায় গাঁথা। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. শাহজাহান ভুঁইয়া, জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহিন ফরাজি, উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলা, কাঞ্চন পৌরসভার মেয়র আলহাজ রফিকুল ইসলাম, মুড়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ তোফায়েল আহমেদ আলমাছ, রূপগঞ্জ ইউপি চেয়ারম্যান আলহাজ ছালাউদ্দিন ভুঁইয়া, আওয়ামী লীগ নেতা গোলাম রসুল কলি, মশিউর রহমান তারেক প্রমুখ।
এ ছাড়া মানিকগঞ্জের সাটুরিয়া, ঘিওর, মুন্সীগঞ্জের সিরাজদিখান ও গাজীপুরের কাপাসিয়ায় নানা আয়োজনে দিবসটি উদ্যাপিত হয়েছে।