বিশ্ববিদ্যালয় রিপোর্টার
কক্সবাজারের চেয়ে নোয়াখালীর ভাসানচর রোহিঙ্গাদের জন্য বেশি নিরাপদ বলে অভিমত দেওয়া হয়েছে একটি গবেষণা প্রতিবেদনে। আধুনিক সুযোগ-সুবিধা, আশ্রয়ণ প্রকল্পের সহনীয়তা, দুর্যোগ নিরাপত্তা ব্যবস্থা, জীবিকা এবং মানবাধিকারের বিভিন্ন দিক বিবেচনা করে যৌথ এ প্রতিবেদন প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ ও সেন্ট্রাল ফাউন্ডেশান ফর ইন্টারন্যানশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (সিএফআইএসএস)। গবেষণায় বলা হয়, দ্বীপটিতে তিন স্তরের দুর্যোগ নিরাপত্তা ব্যবস্থার ফলে বন্যা এবং ঘূর্ণিঝড়ের কবলে কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর কক্সবাজার থেকে ভাসানচরে স্থানান্তর : সুবিধা এবং প্রতিকূলতা’ শীর্ষক আয়োজিত এ সেমিনারে এ গবেষণা প্রতিবেদন তুলে ধরা হয়।
সেমিনারে গবেষক দলের প্রধান অধ্যাপক ড. রফিকুল ইসলাম বলেন, রোহিঙ্গাদের জন্য কক্সবাজারের সুযোগ-সুবিধাসমূহ অপর্যাপ্ত। ভাসানচর বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য অনেক বেশি নিরাপদ। দ্বীপটিতে আধুনিক সব প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। বিশেষ অতিথি ছিলেন সিএফআইএসএসের চেয়ারম্যান কমোডর এম নুরুল আবছার (অব.) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন সাদেকা হালিম।