ইত্তেফাক রিপোর্ট
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, সাইবার অপরাধ দমনে ডিজিটাল নিরাপত্তা আইনের দরকার আছে। জাপা এ আইনের বিপক্ষে নয়। কিন্তু আইনটির কতিপয় ধারা নিবর্তনমূলক। যা ভিন্নমত দমনে ব্যবহার হচ্ছে এবং গণতান্ত্রিক অধিকার খর্ব করছে। তিনি গতকাল তার বনানী কার্যালয় মিলনায়তনে প্রাদেশিক ব্যবস্থা বাস্তবায়ন জাতীয় সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন জরুরি হয়ে পড়েছে মন্তব্য করেন। জাপার সিনিয়র কো-চেয়ারম্যান ও প্রাদেশিক ব্যবস্থা বাস্তবায়ন জাতীয় সমন্বয় কমিটির সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, কো-চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম, প্রেসিডিয়াম সদস্য ও প্রাদেশিক ব্যবস্থা বাস্তবায়ন জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক সুনীল শুভ রায়, প্রেসিডিয়াম সদস্য ও চেয়ারম্যানের বিশেষ সহকারী মীর আবদুস সবুর আসুদ প্রমুখ।