আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, সব অপশক্তিকে প্রতিহত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলাই হবে তাদের ৭ই মার্চের শপথ। বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন ৭ই মার্চ উপলক্ষ্যে গতকাল রবিবার সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে সঙ্গে নিয়ে সব অপশক্তিকে প্রতিহত করাই হবে আজকের দিনের শপথ। যে বিএনপি একসময় ৭ই মার্চ পালন ‘নিষিদ্ধ’ করে রেখেছিল, সেই বিএনপি এখন ‘রাজনৈতিক কৌশল’ হিসেবে এই দিবস পালন করছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতার ঘোষণা পাঠকারী আর ঘোষক এক নয়। বিএনপি একজন পাঠককে স্বাধীনতার ঘোষক বানাতে চায়।
এদিকে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে গতকাল বিকালে খুলনা জেলা প্রশাসন আয়োজিত দেড় হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দেড় লাখ ‘ক্ষুদে বঙ্গবন্ধু’ সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন। এ সময় তিনি বলেন, ৭ই মার্চ ভাষণের মধ্য দিয়ে বাঙালির স্বাধীকার আন্দোলন রূপ নেয় স্বাধীনতার সংগ্রামে। ’৭৫-পরবর্তী সময়ে বাংলাদেশে সবচেয়ে সফল রাজনীতিকের নাম শেখ হাসিনা। এদেশে বঙ্গবন্ধু পরিবার সততা, মেধা ও সাহসের প্রতীক উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা তরুণদের জন্য হতে পারে রোল মডেল। তিনি তরুণদের বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের অনুসরণ ও অনুকরণের মধ্য দিয়ে আগামীর উজ্জ্বল ভবিষ্যত্ গড়ে তোলার আহ্বান জানান।
ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক অপশক্তি ও ষড়যন্ত্রকারীদের মূলোত্পাটনে ৭ই মার্চের ভাষণ আমাদের প্রেরণার দীপশিখা। এ ভাষণ জাতিকে যেভাবে ঐক্যবদ্ধ করেছিল, সেরকম ঐক্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়ন করতে হলে তার হাতকে শক্তিশালী করতে হবে। খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে এ আয়োজনে ভার্চুয়াল প্ল্যাটফরমে ও সরাসরি উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ, সাধারণ সম্পাদক সুজিত অধিকারী, সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ, সালাম মোর্শেদীসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি কর্মকর্তাগণ।