বিজেপিতে যোগ দিলেন মিঠুন চক্রবর্তী

অনুপ্রবেশ ঠেকানোর ঘোষণা মোদির

পশ্চিমবঙ্গের নির্বাচনি মঞ্চে ফের বাংলাদেশ থেকে অনুপ্রবেশকে হাতিয়ার করেছে বিজেপি। গতকাল রবিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এক জনসভায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশ আটকানো হবে। আর বিজেপির নেতারা বলেছেন, পশ্চিমবঙ্গে ২ কোটি ২৫ লাখ অনুপ্রবেশকারী রয়েছে। ক্ষমতায় এলে তাদের ফেরত পাঠানো হবে। আর বিজেপি ক্ষমতায় না আসতে পারলে পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশে পরিণত হবে।

৫০ বছর আগে এই ময়দানেই ভাষণ দিয়েছিলেন বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই সভাস্থল থেকে বিজেপি নেতাদের ভাষণের পরোক্ষ বিষয় হয়ে উঠল বাংলাদেশ। এই মঞ্চেই বিজেপিতে যোগদান করেন জনপ্রিয় অভিনেতা ও রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাবেক এমপি মিঠুন চক্রবর্তী। পরে এক সাক্ষাত্কারে তাকে প্রশ্ন করা হয়, তিনি কি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন? জবাবে মিঠুন বলেন, এ বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির নেতারা বলতে পারবেন।

সভায় ভাষণ দিতে গিয়ে নরেন্দ্র মোদি বলেন, বিজেপি ক্ষমতায় এলে ‘সোনার বাংলা’ গড়ে তোলা হবে। শিল্পক্ষেত্রে পশ্চিমবঙ্গ এগোবে। বিজেপি ক্ষমতায় এলে ২০৪৭ সালে স্বাধীনতার শতবর্ষে পশ্চিমবঙ্গ দেশের প্রথম সারিতে আসবে। স্বাধীনতা-পরবর্তী ৭৫ বছরে পশ্চিমবঙ্গের যা ছিনিয়ে নেওয়া হয়েছে, তা ফিরিয়ে আনবেন। বাংলায় আসল পরিবর্তন হবে।

এরপরই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কটাক্ষ করে তিনি বলেন, ‘কিছুদিন আগে যখন উনি স্কুটি চালাচ্ছিলেন, সবাই প্রার্থনা করছিলেন যেন পড়ে গিয়ে চোট না লাগে। না হলে যে রাজ্যে স্কুটি তৈরি হয়েছে, সেই রাজ্যকে উনি শত্রু বানিয়ে নিতেন। এরপরই তার মন্তব্য, স্কুটি তার ভবানীপুরের বাড়ির বদলে নন্দীগ্রামের দিকে চলে গেল। উনি স্কুটি নিয়ে নন্দীগ্রামে পড়ে যেতে চাইলে আমি কী করব? উনি বাংলার মানুষের বিশ্বাস ভেঙেছেন।’

বিজেপি নেতা সায়ন্তন বসু বলেন, তারা ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গ থেকে ২ কোটি ২৫ লাখ অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হবে। আর তারা ক্ষমতায় না আসতে পারলে পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশে পরিণত হবে। শুভেন্দু অধিকারী বলেন, মমতা অনুপ্রবেশকারীদের ফুফু, রোহিঙ্গাদের খালা। মিঠুন চক্রবর্তী তার ভাষণে বলেন, ‘আমি জল ঢোঁড়াও নই, বেলে বোড়াও নই, আমি জাত কেউটে।’