৯ ব্যক্তি ও এক প্রতিষ্ঠান স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত

ইত্তেফাক রিপোর্ট

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে শহিদ আহসান উল্লাহ মাস্টার, কবি মহাদেব সাহা, সুরকার-গীতিকার গাজী মাজহারুল আনোয়ারসহ ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে ২০২১ সালের স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। গতকাল রবিবার মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়েছে। 

পুরস্কারপ্রাপ্ত ৯ ব্যক্তির মধ্যে ‘স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ’ ক্যাটাগরিতে পেয়েছেন মরহুম এ কে এম বজলুর রহমান, শহিদ আহসান উল্লাহ মাস্টার, মরহুম বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল খুরশিদ উদ্দিন আহমেদ ও মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবু। বিজ্ঞান প্রযুক্তিতে পেয়েছেন ড. মৃন্ময় গুহ নিয়োগী, সাহিত্যে কবি মহাদেব সাহা, সংস্কৃতিতে আতাউর রহমান ও গাজী মাজহারুল আনোয়ার, সমাজসেবা/জনসেবায় অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন। গবেষণা ও প্রশিক্ষণ বিভাগে পুরস্কারের জন্য মনোনীত প্রতিষ্ঠানটি হলো বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল।