সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার শুনানি হয়নি রবিবার। এদিন চাঞ্চল্যকর এই মামলার শুনানির দিন ধার্য ছিল। তবে এ সংক্রান্ত দুটি মামলার বিচারকাজ একই আদালতে এবং একসঙ্গে করার যে নির্দেশ হাইকোর্ট দিয়েছিলেন তার আদেশ রবিবার পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে। সেজন্য এদিন নির্ধারিত শুনানির দিন থাকলেও সিলেট নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে আলোচিত মামলাটির শুনানি হয়নি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আদেশ আসার পরপরই ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম শুরু হবে বলে বাদীপক্ষের আইনজীবীদের জানিয়েছেন ট্রাইব্যুনালের বিচারক মোহিতুল হক ইনাম চৌধুরী। রবিবার সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আসামিদের আদালতে হাজির করে পুলিশ।
বাদীপক্ষের আইনজীবী প্যানেলের প্রধান শহীদুজ্জামান চৌধুরী বলেন, মহানগর দায়রা জজ আদালতে দণ্ডবিধি ২৫০ নম্বর মামলাটির শুনানির তারিখ ছিল গত ১০ ফেব্রুয়ারি। তখন আমরা হাইকোর্টের দেওয়া আদেশের বিষয়টি আদালতকে অবগত করলে আদালত মামলার কার্যক্রম স্থগিত রাখেন।
গত বছরের ২৫ সেপ্টেম্বর রাতে সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে গৃহবধূকে গণধর্ষণ করে ছাত্রলীগের কতিপয় ক্যাডার। এ ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে শাহপরান থানায় মামলা করেন।