নানা আয়োজনে ৭ই মার্চ উদ্যাপন করল জাতি

বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন ৭ই মার্চ নানা আয়োজনে স্মরণ করেছে জাতি। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন, আলোচনাসভা ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক দিনটি উদ্যাপিত হয়েছে।

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন। দিবসটি উপলক্ষ্যে গতকাল রবিবার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয় এবং সর্বস্তরের মানুষ স্বাস্থ্য বিধি মেনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে আসেন। সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা মিছিল করে ৩২ নম্বর সড়কের পূর্ব ও পশ্চিম পাশে জমায়েত হতে থাকে। সকাল ৯টার মধ্যেই ভিড়ে পূর্ণ হয়ে যায় ৩২ নম্বর সড়ক ও আশেপাশের এলাকা। রবিবার সকাল ৯টার দিকে ধানমন্ডি ৩২-এ অবস্থিত জাতির পিতার স্মৃতি জাদুঘরের সামনে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে ইতিহাসের এই মহানায়কের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা। তাদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়েই শুরু হয় দিনের কর্মসূচি। এরপর শ্রদ্ধা জানায় বাংলাদেশ আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এসময় ওবায়দুল কাদের বলেন, সব অপশক্তিকে প্রতিহত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলাই হবে তাদের ৭ই মার্চের শপথ।

এদিন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, শাজাহান খান, আবদুল মতিন খসরু ও আবদুুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক এবং এস এম কামাল হোসেন, তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, আওয়ামী লীগের সাংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ প্রমুখ। এরপর কেন্দাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণসহ দলের সহযোগী সংগঠনের নেতা-কর্মী-সমর্থক এবং সাধারণ মানুষ সারিবদ্ধভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। এ ছাড়াও বাংলাদেশ ছাত্রলীগ, আওয়ামী যুবলীগ, বাংলাদেশ কৃষক লীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, জাতীয় শ্রমিক লীগের নেতা ও কর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন ছাড়াও বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, মুক্তিযোদ্ধা কেন্দ ীয় কমান্ড কাউন্সিল, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ তাঁতী লীগ, মত্সজীবী লীগ, বঙ্গবন্ধু সৈনিক লীগ, শেখ রাসেল শিশু সংঘ, আওয়ামী সাংস্কৃতিক ফোরাম, বাংলাদেশ পানি উন্নয়ন শ্রমিক কর্মচারী লীগ, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ, আওয়ামী শিল্পী গোষ্ঠী, ঢাকা আইনজীবী সমিতি, বাংলাদেশ আওয়ামী যুব আইনজীবী পরিষদসহ প্রভৃতি সংগঠন স্বাস্থ্যবিধি মেনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানায়। দিনটি উপলক্ষ্যে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মহান মুক্তিযুদ্ধে সব শহিদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এদিকে, ৭ই মার্চ উদ্যাপন উপলক্ষ্যে রাজধানীকে সাজিয়ে তোলা হয়েছে। এদিকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণকে স্মরণে রেখে আলোচনাসভার আয়োজন করে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন নাগরিক কমিটি।