নতুন পরিচয়ে প্রিয়াঙ্কা!

বিনোদন ডেস্ক

 

একাধারে বলিউড-হলিউড অভিনেত্রী, গায়িকা, প্রযোজক ও লেখিকা হিসেবে সফলতা কুড়িয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। সকল ক্ষেত্রেই তার সাফল্যের ঝুড়ি পুরোটাই পূর্ণ। সেই ধারাবাহিকতায় এবার নতুন আরো একটি প্রজেক্টে নামছেন জনপ্রিয় এই অভিনেত্রী। এবার ব্যবসায়ীর তালিকায় নাম লেখাচ্ছেন তিনি। জানা গেছে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ‘সোনা’ নামে একটি রেস্তোরাঁ খুলতে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। তার এই রেস্তোরাঁর মাধ্যমে এখন থেকে নিউইয়র্কের রাস্তায় পাওয়া যাবে ভারতীয় খাবারের স্বাদ।

নিজের ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করে ক্যাপশনে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘আপনাদের সঙ্গে সোনার পরিচয় করাতে পেরে আমি উচ্ছ্বসিত। নিউইয়র্কের নতুন এই রেস্তোরাঁ ভারতীয় খাবারের প্রতি আমার ভালোবাসা তুলে ধরবে। ছোটবেলা থেকে ভারতীয় খাবারের যে স্বাদ নিয়ে বড় হয়েছি, তা সকলের সামনে নিয়ে আসবো। আর এই কাজটি করবেন শেফ হরি নায়েক। তিনি আমার দেশের নানাপ্রান্তের খাবারের স্বাদ তুলে ধরবেন।’

খবরটি ছড়িয়ে পড়তেই তার ভক্ত ও স্বজনরা তাকে ধন্যবাদ ও শুভকামনা জানানো শুরু করেছেন। সফলতা কামনা করে তার বন্ধু মণীশ লিখেছেন, ‘একটি রেস্টুরেন্ট খুলতে গেলে অবশ্যই টিমের সাহায্যের প্রয়োজন আছে। প্রিয়াঙ্কা যেভাবে রেস্তোরাঁর ডিজাইন, মেন্যু, মিউজিক ও অন্যান্য কাজ করেছেন তার তুলনা হয় না।’

উল্লেখ্য, বর্তমানে ‘সিটাডেল’ শোয়ের শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন প্রিয়াঙ্কা। এছাড়া ক’দিন আগেই প্রিয়াঙ্কা শেষ করেছেন তার আপকামিং সিনেমা ‘টেক্সট ফর ইউ’-এর শুটিং।