যুবদলের আট জন দুই দিনের রিমান্ডে

ইত্তেফাক রিপোর্ট

জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশ ও ছাত্রদলের সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি রফিকুল আলম মজনুসহ আট জনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ এ আদেশ দেন। রিমান্ডপ্রাপ্ত অপর আসামিরা হলেন খালেক টিপু, রাসেল, দিল গনি, শহিদুল ইসলাম, মোশাররফ, আবুল কাশেম ও ওয়াহিদ।

আদালত সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই আব্দুল্লাহ আসামিদের হাজির করে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ তার বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ১ মার্চ বিএনপির ১৩ নেতাকর্মীর পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে তারা কারাগারে রয়েছেন।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি লেখক মুশতাক আহমেদের জেলহাজতে মৃত্যু ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের বীরত্বের খেতাব বাতিল প্রক্রিয়ার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভকারীরা পুলিশের বিনা অনুমতিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করার চেষ্টা করে। পুলিশ বিক্ষোভকারীদের থামানো ও রাস্তা থেকে সরে যাওয়ার অনুরোধ করে। এ সময় তারা প্রেসক্লাবের ভেতরে ঢুকে অবস্থান নেয়। পুলিশের ওপর ইটপাটকেল ছুঁড়তে থাকে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ করে। এরপর পুলিশ ও ছাত্রদল নেতাকর্মীরা উভয় গ্রুপের ধাওয়া-পালটাধাওয়া ও সংঘর্ষ হয়। এ ঘটনায় শাহবাগ থানার এসআই পলাশ সাহা বাদী হয়ে ৪৮ আসামির নাম উল্লেখসহ ২০০/২৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।