৯ম বাংলাদেশ গেমস
স্পোর্টস রিপোর্টার
আন্তর্জাতিক নারী দিবস জয়ের রঙে রাঙিয়েছেন সালমা খাতুন-জাহানারা আলমরা। গতকাল বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের নারী ক্রিকেট ইভেন্টের ফাইনালে উঠে গেছে সালমার নেতৃত্বাধীন বাংলাদেশ ব্লু দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ গ্রিন দলকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে সালমা বাহিনী। টানা দুই জয়ে ফাইনাল খেলা নিশ্চিত করলো দলটি। এর আগে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ রেড দলকে ১০ উইকেটে হারিয়েছিল তারা।
ওয়ানডে ফরম্যাটের ক্রিকেট ইভেন্টে লিগ পর্বের শেষ ম্যাচ আগামীকাল। ১০ মার্চ সিলেটে বাংলাদেশ রেড দল খেলবে গ্রিন দলের বিপক্ষে। এ ম্যাচের জয়ী দল আগামী ১২ মার্চ ফাইনালে ব্লু দলের বিরুদ্ধে ট্রফির জয়ের লড়াইয়ে শামিল হবে।
করোনায় দীর্ঘ এক বছরের বিরতির পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশের নারী ক্রিকেটাররা। মাঠে ফিরলেও তাই লড়াই জমছে না। লো স্কোরিং ম্যাচই বেশি হচ্ছে। কোচ, ক্রিকেটারদের আশা কয়েকটি ম্যাচ খেললে পুরনো ছন্দে ফিরবেন ব্যাটসম্যানরা।
গতকাল সিলেটে টসে হেরে আগে ব্যাট করে ৩৯.৫ ওভারে ৮৩ রানে অলআউট হয় শারমিন সুলতানার গ্রিন দল। অধিনায়ক শারমিন সুলতানা ১৯, সানজিদা ইসলাম ১৪, রুমানা আহমেদ ১২, দিশা বিশ্বাস ১২ রান করেন। আগের ম্যাচের মতোই ব্লু দলের বোলিংটা হয়েছে দুর্দান্ত। মুমতা হেনা ১০ ওভারে ১ মেডেনসহ ২২ রানে ৪ উইকেট নিয়েছেন। ম্যাচ সেরার পুরস্কারটাও পেয়েছেন মুমতা হেনা। জাহানারা আলম ও সালমা দুটি করে উইকেট পান। শেষ ম্যাচে ৬ উইকেট পাওয়া ফারিহা ইসলাম তৃষ্ণাও খারাপ করেননি। উইকেট একটি পেলেও ৭ ওভারে ৪ মেডেনসহ মাত্র ৮ রান দিয়েছেন এ মিডিয়াম পেসার।
জবাবে ২২.৩ ওভারে ১ উইকেটে ৮৫ রান তুলে ম্যাচ জিতে নেয় ব্লু দল। শামীমা সুলতানা-মুর্শিদা খাতুনের ওপেনিং জুটিতেই আসে ৫৮ রান। মুর্শিদা খাতুন ২৪ রান করে আউট হন। পরে ফারজানা হক পিংকি ও শামীমা দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন। শামীমা অপরাজিত ৩০, পিংকি অপরাজিত ২১ রান করেন।