আবার বার্সার সভাপতি লাপোর্ত

মেসিকে ধরে রাখাই বড় চ্যালেঞ্জ

 স্পোর্টস ডেস্ক

লিওনেল মেসি ছেলেকে দিয়ে ভোট দিতে এসেছেন। ভোট দিতে এসেছেন বুস্কেটস, আলবা, কিরকিচরা। ন্যু ক্যাম্পে অনেক দিন পর যেন উত্সব ফিরেছিল কাল। সেটা শেষ হয়েছে হুয়ান লাপোর্তের বিজয়ী হওয়ার খবরে, ২০১০ সালের পর আবারও বার্সা সভাপতি হিসেবে ফিরছেন তিনি। রোসেল, বার্তোমেউ যুগ শেষে বার্সেলোনায় আবার শুরু হচ্ছে লাপোর্ত যুগ।

মেসির বার্সার সঙ্গে চুক্তির মেয়াদটা আর চার মাস রয়েছে বার্সেলোনার। সমর্থকদের মনে বড় শঙ্কা, হয়তো এবার ঠিকই ক্লাব ছাড়বেন তাদের প্রিয় তারকা। কিন্তু লাপোর্তা তার নির্বাচনি প্রচারণার শুরু থেকেই বলে আসছেন তিনি নির্বাচিত হলে মেসিকে যে কোনো মূল্যেই ধরে রাখবেন। তাই স্বাভাবিকভাবেই নির্বাচিত হওয়ার পর সাংবাদিকদের এ প্রশ্নের সম্মুখে পড়েন তিনি। তবে মেসিকে ধরে রাখার সব চেষ্টাই করবেন বলে জানান লাপোর্তা।

মেসি যে বার্সেলোনাকে ভালোবাসেন তার পক্ষে যুক্তি তুলে ধরে নতুন প্রেসিডেন্ট বলেন, ‘২০ বছর আগে লিওনেল মেসি নামের একজন বালকের বার্সার বি দলে (অনূর্ধ্ব ১২-১৩) অভিষেক হয়েছিল। বিশ্বের সেরা ফুটবলারকে গত রবিবার  ভোট দিতে আসতে দেখা পরিষ্কার উদাহরণ যা আমরা বলে এসেছি। লিও বার্সাকে ভালোবাসে। এটাই তার স্পষ্ট ইঙ্গিত। বিশ্বের সেরা খেলোয়াড় বার্সেলোনাকে ভালোবাসে। আশা করছি, এটা তাকে বার্সেলোনায় থাকতে সাহায্য করবে। আর এটাই আমরা চাই।’