স্পোর্টস রিপোর্টার
বাংলাদেশ আফগানিস্তান ম্যাচ নির্ধারিত তারিখে হচ্ছে না এটা বুঝা যায়। বাফুফে বিকল্প ভাবনার পথে হাঁটতে চাইছে। নেপালের টুর্নামেন্টে অংশগ্রহণের প্রস্তুতি শুরু করছে। আগামী শনিবার জাতীয় দল ডাকা হবে। রবিবার অনুশীলন শুরু হবে। ১৮ বা ২০ মার্চ নেপালে যাবে বাংলাদেশ ফুটবল দল। সেখানে চার জাতির টুর্নামেন্টে নেপাল ছাড়াও কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ ফুটবল অংশগ্রহণ করবে। ২৩, ২৫, ২৭ এবং ২৯ মার্চ খেলা হবে। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দুই দল ফাইনাল খেলবে।
আফগানিস্তান না আসলেও বাংলাদেশ বসে থাকবে না। প্রিমিয়ার লিগের প্রথম পর্ব শেষ হয়েছে। মাঝ বিরতি চলছে। ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল কাল সংবাদ সম্মেলনে বললেন, ‘আফগানিস্তান ম্যাচ হবে। আর যদি কোনো কারণে নাও হয় তাহলে আমাদের একটা বিকল্প ভাবনা আছে। আমরা প্ল্যান বি রেডি করেছি। নেপালে যাবে দল। সেখানে টুর্নামেন্ট আছে।’ তিনি বলেন, ‘আমরা তো চেষ্টা করছি বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচটা যেন হোম ভেন্যুতেই হয়। তারপরও একটা প্ল্যান আমরা করেছি নেপালে খেলতে যাওয়া। এটা শুধু খেলতে যাওয়াই নয়। আমাদের খেলোয়াড়দের পারফরম্যান্স দেখে নেওয়ার একটা সুযোগ।’
যেসব নতুন খেলোয়াড় ডাক পাবেন তাদের জন্য নেপালের টুর্নামেন্ট একটা বড় চ্যালেঞ্জ। তবে নাবিল জানিয়েছেন নেপালের টুর্নামেন্টে টার্গেট চ্যাম্পিয়ন হওয়া।