ইয়েমেনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক হতাহতের আশঙ্কা

রয়টার্স, বিবিসি

ইয়েমেনের রাজধানী সানায় একটি অভিবাসন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডে বহু লোক হতাহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) কমপক্ষে আট জনের প্রাণহানির কথা নিশ্চিত করলেও জাতিসংঘের কর্মকর্তারা ৩০ জন নিহত হতে পারে বলে জানিয়েছেন। গত রবিবারের এ অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে অভিবাসনপ্রত্যাশীদের পাশাপাশি নিরাপত্তা রক্ষীও রয়েছেন। আইওএমের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের পরিচালক কার্মেলা গোদু এক টুইটে জানিয়েছেন, আহতদের মধ্যে অন্তত ৯০ জনের অবস্থা আশঙ্কাজনক। জাতিসংঘের সংস্থাটি আহতদের জরুরি স্বাস্থ্যসেবাসহ ভুক্তভোগীদের প্রয়োজনীয় খাদ্যসহায়তা দিচ্ছে বলেও জানিয়েছেন তিনি। অভিবাসন কেন্দ্রটিতে আগুন লাগার কারণ এখনো অজানা। সেখানে ঠিক কতজন মানুষ ছিলেন, তাত্ক্ষণিকভাবে সেটাও নিশ্চিত হওয়া যায়নি।