ইত্তেফাক রিপোর্ট
বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরো সম্প্রসারণের সম্ভাবনা দেখছে কসোভো। উভয় দেশের মধ্যে ব্যবসায়-বাণিজ্য ও আমদানি-রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে যৌথ অর্থনৈতিক কমিশন মিটিংয়ের প্রস্তাব দিয়েছে দেশটি। গতকাল সোমবার শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সঙ্গে সাক্ষাত্কালে বাংলাদেশে কসোভোর রাষ্ট্রদূত গুনের ঊরেয়া এ প্রস্তাব দিয়ে বলেন, আমদানি-রপ্তানি বৃদ্ধি এবং শিল্পকারখানা সম্প্রসারণে এই যৌথ কমিশন মিটিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রাজধানীর মতিঝিলে শিল্পমন্ত্রণালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় শিল্পমন্ত্রী বাংলাদেশ থেকে ফুড প্রসেসিং, চামড়াজাত পণ্য, কৃষি উত্পাদিত পণ্য এবং উত্পাদিত কাঁচামাল আমদানির আহ্বান জানান। তিনি বলেন, যৌথ অর্থনৈতিক কমিশন মিটিংয়ের আগে উভয় দেশের ব্যবসায়িক প্রতিনিধি ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে আলোচনা ও সফরের প্রয়োজন। এ সফরের মাধ্যমে ব্যবসায়-বাণিজ্য ও শিল্প সম্প্রসারণে উভয় দেশে যেসব সম্ভাবনা রয়েছে, তা জানা যাবে। শিল্পমন্ত্রী শিল্প খাতে দ্বিপাক্ষিক সহায়তার ক্ষেত্র চিহ্নিত করে সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়ার জন্য রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, তৈরি পোশাক ও ওষুধপণ্য বাংলাদেশ থেকে কসোভোয় রপ্তানি হচ্ছে। বাংলাদেশ থেকে আরো পণ্য আমদানি করতে দেশটির প্রতি আহ্বান জানান তিনি। এ সময় অন্যদের মধ্যে শিল্পমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিম উদ্দিন ছাড়াও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।