সংবাদ পাঠ করলেন ট্রান্সজেন্ডার নারী তাসনুভা

আন্তর্জাতিক নারী দিবসে দেশে প্রথমবারের মতো টেলিভিশনে সংবাদ পাঠ করলেন ট্রান্সজেন্ডার নারী তাসনুভা আনান শিশির। গতকাল সোমবার নারী দিবসে সংবাদ পাঠ করেন তিনি। এছাড়া একই দিন আরেক ট্রান্সজেন্ডার নারী নুসরাত মৌকে দেখা গেছে বৈশাখী টিভিতে  একটি নাটকে অভিনয় করতে।

এই প্রসঙ্গে সংবাদপাঠক তাসনুভা আনান শিশির জানান, ‘আমার উচ্চারণ উপস্থাপন দেখে বৈশাখী টিভি থেকে আমাকে অডিশন দিতে বলা হয়। এরপর খবর পড়ার সুযোগ পেলাম। তিনি বলেন, ‘এখনো শিক্ষিত সমাজ ট্রান্সজেন্ডার বোঝেন না। হিজড়া, তৃতীয় লিঙ্গ আর আমরা এক না। আমরা যত এই ধরনের কাজগুলোতে যুক্ত হব, ততই আমাদের অস্তিত্ব সম্পর্কে সবাই জানতে পারবেন। পরিচয়হীন থাকতে হবে না। এতেই আমরা আনন্দিত।’

এদিকে, অন্য একজন ট্রান্সজেন্ডার নারী নুসরাত মৌকেও গতকাল বৈশাখী টেলিভিশনের পর্দায় দেখা গেছে। গতকাল রাতে নাটকের পর্বটি প্রচারিত হয়। আন্তর্জাতিক নারী দিবসে, ধারাবাহিক নাটক ‘চাপাবাজ’-এর একটি পর্বে তিনি অভিনয় করেন।