নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাংবাদিক মুজাক্কির হত্যা মামলায় গ্রেফতারকৃত বেলাল হোসেন ওরফে পাংখা বেলালকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল সোমবার দুপুর ২টায় নোয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (কোম্পানীগঞ্জ)-এর বিচারক মো. মোছলে উদ্দিন নিজাম এ আদেশ দেন। তার আগে বেলা ১১টায় আসামিকে আদালতে হাজির করে নোয়াখালী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি এ প্রতিবেদককে আরো জনান, সাংবাদিক মুজাক্কির হত্যা মামলার নোয়াখালী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বেলালকে আদালতে সোপর্দ করে পাঁচ দিনের রিমান্ড চাইলে দীর্ঘ শুনানির পর তিন দিনের রিমান্ড মঞ্জুর হয়।
উল্লেখ্য, বেলাল হোসেন উপজেলার চরফকিরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইব্রাহিমের ছেলে। সে চরফকিরা ইউনিয়ন যুবলীগের নেতা। গত ৭ই মার্চ দুপুরে একরামুল করিম চৌধুরীর সমর্থিত গ্রুপের পক্ষ হয়ে বসুরহাট বাজারের হাসপাতাল রোড থেকে বিক্ষোভ মিছিল বের করার সময় পিবিআই অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
প্রসঙ্গত, গত ১৯ ফেব্রুয়ারি শুক্রবার বিকালে চাপরাশিরহাট পূর্ব বাজারে আওয়ামী লীগের দুই গ্রুপ ও পুলিশের গোলাগুলির মধ্যে সাংবাদিক মুজাক্কির গুলিবিদ্ধ হয়। পরদিন রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।