করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত এক দিনে শনাক্ত হয়েছে আরো ৮৪৫ জন। যা এক দিনের পরিসংখ্যানে সর্বশেষ ৫৪ দিনের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ১৩ জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তর এক দিনে এর চেয়ে বেশি রোগী শনাক্তের তথ্য দিয়েছিল, সেদিন ৮৯০ জনের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছিল। আর ১৪ জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা ৮০০ নিচেই ছিল।
গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। গত এক দিনে মারা যাওয়া ১৪ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট ৮ হাজার ৪৭৬ জনের মৃত্যু হলো। আর গত ২৪ ঘণ্টায় আরো ৮৪৫ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৫১ হাজার ১৭৫ জন হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ১ হাজার ১১৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৫ লাখ ৪ হাজার ১২০ জন হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১৮টি আরটি-পিসিআর ল্যাব, ২৯টি জিন-এক্সপার্ট ল্যাব ও ৭২টি র্যাপিড অ্যান্টিজেন ল্যাবে অর্থাত্ সর্বমোট ২১৯টি ল্যাবে ১৬ হাজার ৯৫৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ১০ জন পুরুষ এবং চার জন নারী। তাদের সবাই হাসপাতালে মারা গেছেন। এদের আট জনের বয়স ৬০ বছরের বেশি, চার জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে এবং দুই জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ছিল। মৃতদের মধ্যে ছয় জন ঢাকা বিভাগের এবং আট জন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা ছিলেন। দেশে এ পর্যন্ত মারা যাওয়া ৮ হাজার ৪৭৬ জনের মধ্যে ৬ হাজার ৪০৭ জনই পুরুষ এবং ২ হাজার ৬৯ জন নারী।