বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই সারা দেশের ন্যায় ফরিদপুর-৪ আসনে এত উন্নয়ন সম্ভব হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবে রূপ দিতে দিনরাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন প্রধানমন্ত্রী। দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার পদ্মা সেতু ও হাইওয়ে এক্সপ্রেস নির্মাণ করে আমাদের ভাগ্যের আমূল পরিবর্তন ঘটিয়েছেন প্রধানমন্ত্রী। আমরা তারই হাতকে আরো শক্তিশালী করতে এলাকায় উন্নয়ন করে যাচ্ছি। ফরিদপুর-৪ আসনের জনগণ পরপর দুইবার আমাকে এমপি নির্বাচিত করে প্রধানমন্ত্রীর কাছে নিয়ে গেছেন। এই ঋণ আমি যেমন কোনোদিন শোধ করতে পারব না। সোমবার বিকালে ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের ঘারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি এসব কথা বলেন। তিনি এ সময় হেফাজতের নেতা মামুনুল হককে উদ্দেশ্যে করে বলেন, আপনি ফরিদপুরে একটি ইসলামি মাহফিলে আমার বাসায় দাওয়াত খেতে চেয়েছেন। আমি আপনার দাওয়াত কবুল করলাম। আপনি দেশের সব আলেম ওলামাদের নিয়ে একটি কেন শতদিন আমার বাসায় আসার অনুরোধ করলাম।
ঘারুয়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক শফিউদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শামচুল হক ভোলা মাস্টার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাত্ হোসেন, ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী হেদায়েতউল্লাহ সাকলাইন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাইজুর রহমান প্রমুখ।