নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রাজধানীতে দুটি মহাসমাবেশ করবে বিএনপি। আগামী ১০ মার্চ ঢাকা উত্তর সিটি ও ১৬ মার্চ দক্ষিণ সিটিতে সমাবেশ করতে চায় দলটি। ঢাকা উত্তরে কাওরান বাজার মোড়, মোহাম্মদপুর শহিদ পার্ক এবং খিলগাঁও তালতলা মাঠ এবং দক্ষিণে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মাঠ অথবা সোহরাওয়ার্দী উদ্যানের যেকোনো স্থানে সমাবেশ দুটি করবে বিএনপি।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে সমাবেশের অনুমতি চেয়ে গতকাল সোমবার ডিএমপি (ঢাকা মেট্রোপলিটন পুলিশ) কার্যালয়ে চিঠি পৌঁছে দেন বিএনপির একটি প্রতিনিধিদল। এ সময় প্রতিনিধিদলে ছিলেন দলটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী জানান, দুটি সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপিকে চিঠি দিয়েছি। আমরা উনাদের সহযোগিতা চেয়েছি। আশা করি, সমাবেশের অনুমতি মিলবে। পুলিশের পক্ষ থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট প্রধান মনিরুল ইসলাম (ভারপ্রাপ্ত কমিশনার) চিঠি গ্রহণ করেন বলেও জানান এ্যানী।
এর আগে গত ১৮ ফেব্রুয়ারি বরিশাল, ২৭ ফেব্রুয়ারি খুলনা এবং ২ মার্চ রাজশাহী মহানগরীতে সমাবেশ অনুষ্ঠিত হয়।