বাংলাদেশকে নির্দেশনা না দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরার পরিবেশ তৈরি করা উচিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। গতকাল সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ডিপ্লোম্যাটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপ না নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের মিয়ানমারের সঙ্গে ব্যাবসায়িক সম্পর্ক বাড়ানোর সমালোচনা করেন পররাষ্ট্রমন্ত্রী। রোহিঙ্গা ইস্যুতে জড়িত আন্তর্জাতিক সংস্থাগুলোর এগিয়ে আসা উচিত বলেও মত দেন তিনি।
ডিক্যাব সভাপতি পান্থ রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো, সুইডিশ রাষ্ট্রদূত অ্যালেসান্দ্রা বের্গ ফন লিনডে, সুইস রাষ্ট্রদূত নাতালি শিয়ার, মালদ্বীপের হাইকমিশনার শিরুজিমাথ সামির, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা মাসুদ মাহমুদ খন্দকার, সামিয়া হালিম ও ফারহানা রহমান চৌধুরী, ডিক্যাবের সাধারণ সম্পাদক এ কে এম মঈনুদ্দিন বক্তব্য দেন। অনুষ্ঠানে ‘কূটনীতিতে নারী : কেমন করছি আমরা?’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সদস্য ইসরাত জাহান ঊর্মি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামসকে অনুষ্ঠানে সম্মাননা দেয় ডিক্যাব।