বুধবার ঢাকায় সমাবেশের অনুমতি পেল বিএনপি

নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রাজধানীতে সমাবেশ করার অনুমতি পেয়েছে বিএনপি।  মঙ্গলবার ডিএমপি থেকে তাদের সমাবেশের অনুমতি দেওয়া হয়।

আগামীকাল বুধবার (১০ মার্চ) ঢাকা উত্তর সিটি করপোরেশনের মোহাম্মদপুর শহীদ পার্কে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। 

সমাবেশের বিষয়ে অবহিত করতে সোমবার দুপুরে ডিএমপির যুগ্ম কমিশনার মনির হোসেনের সঙ্গে সাক্ষাত করেন বিএনপির প্রতিনিধি দল। সাক্ষাত শেষে বের হয়ে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ইতিমধ্যে প্রত্যেকটা বিভাগীয় শহরে কর্মসূচি হাতে নিয়েছি আমরা। কর্মসূচিগুলো হলো ভোট কারচুপির প্রসঙ্গে। সর্বশেষ স্থানীয় সরকারসহ বেশ কয়েকটি সিটি করপোরেশন নির্বাচনে ভোট কারচুপি হয়েছে।

এরই অংশ হিসেবে ঢাকাতেই আমরা দুটি জনসভার আহ্বান করেছি। একটি ঢাকা উত্তর এবং আরেকটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। এ বিষয়ে ইতিমধ্যে আমরা ডিএমপি যুগ্ম কমিশনার মনির হোসেনকে অবহিত করেছি। আমরা আশা করছি আগামী ১০ ও ১৬ মার্চ এই দুটি সমাবেশ করতে পারবো।

 

ইত্তেফাক/এমইউএ/ইউবি