বিরামপুরে ডায়রিয়ার প্রাদুর্ভাব
বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা
বিরামপুরে ডায়রিয়ার প্রাদুর্ভাব বেড়েছে। গত দুই দিনে আক্রান্ত ২২ শিশু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদী জানান, প্রতি বছরই আবহাওয়া পরিবর্তনের সময় ডায়রিয়া, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাবে শিশু ও বয়স্করা আক্রান্ত হন। বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন অন্যান্য উপজেলা থেকেও ডায়রিয়া আক্রান্ত রোগী আসছে। তিনি আরো জানান, এই হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত হয়ে সোমবার ১৪ জন শিশু ও মঙ্গলবার দুপুর পর্যন্ত আট জন শিশু ভর্তি হয়েছে। হাসপাতালে চিকিত্সা নেওয়ার পর সবার অবস্থার উন্নতি হয়েছে এবং অনেকে ছাড়পত্র নিয়ে চলে গেছে।