বিক্ষোভ ও গাড়িতে অগ্নিসংযোগ
রৌমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা
রৌমারীতে মঙ্গলবার সকালে বালুভর্তি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। নিহতের নাম হোসেন আলী (২১)। সে উপজেলার বন্দবেড় ইউনিয়নের ফুলুয়ারচর গ্রামের মমিন চানের ছেলে। এদিকে দুর্ঘটনার পর স্থানীয় জনতা বিক্ষোভ এবং ট্রাক্টরে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে রৌমারী থানার ওসি মোন্তাছের বিল্লাহ জানান, দুর্ঘটনার পর পরই মামলা দায়ের করা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান জানান, দুর্ঘটনা রোধে ট্রাক্টর মালিকদের নিয়ে একাধিকবার বৈঠক করেছি দক্ষ চালক নিয়োগ করতে। নিয়ম মেনে রাস্তায় যাতায়াতের জন্য তাদের নির্দেশনাও দেওয়া হয়েছে।
খুলনায় ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু
খুলনা অফিস জানায়, খুলনায় ইজিবাইকের ধাক্কায় হুমাইয়া মাবিয়া (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের দুর্জনীমহল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত হুমাইয়া দুর্জনীমহল গ্রামের মুরাদ পেয়াদার মেয়ে ও দুর্জনীমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশাররফ হোসেন বলেন, ঘাতক ইজিবাইক চালক মো. জান্নাত হোসেনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।
ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
পঞ্চগড় প্রতিনিধি জানান, পঞ্চগড়-আটোয়ারী সড়কের সিএন্ডবি মোড় এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ডলি আক্তারের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। মৃত ডলি আখতারের বাড়ি জেলার আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের কাটালি গ্রামে। তিনি ঐ গ্রামের মো. হেলালউদ্দিনের স্ত্রী। পঞ্চগড় থানার উপ-পরিদর্শক বেলাল হোসেন জানান, আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের নলপুকুরীস্থ বাবার (সালিম মাস্টার) বাসা থেকে ডাক্তার দেখানোর জন্য মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর আলীর মোটরসাইকেলে করে পঞ্চগড় আসছিল ডলি আখতার। আটোয়ারী-পঞ্চগড় সড়কের সিএন্ডবি মোড় এলাকায় এলে একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এসময় ডলি সড়কের ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। পুলিশ ট্রাকটিকে জব্দ করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।