পাইকগাছায় স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা

পাইকগাছায় চাকরিজীবী ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার নাম করে বাড়িতে ডেকে এনে মাকে অজ্ঞান করে মেয়েকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দায়ের করা মামলার আসামিকে পুলিশ সোমবার রাতে সোনাতন কাটি বাজার থেকে গ্রেফতার করেছে। জানা যায়, গত ৩ মার্চ উপজেলার উত্তর সলুয়া গ্রামের মৃত রহিম বক্সের ছেলে মিজানুর রহমান নবম শ্রেণির এক স্কুলছাত্রীর মাকে অজ্ঞান করে মেয়েটিকে ধর্ষণ করে পার্শ্ববর্তী থানা কয়রার অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরের দিন সকালে কপিলমুনি ধান্য চত্বরে ছেড়ে দিয়ে চলে যায়। পরে সংবাদ পেয়ে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে নিয়ে আসে। এর পর মেয়েটির মা বাদী হয়ে অভিযোগ দায়ের করেন। পুলিশ সোমবার রাতে মিজানুর রহমানকে সোনাতন কাটি বাজার থেকে গ্রেফতার করে।

পাইকগাছা থানার ওসি এজাজ শফী জানান, ধর্ষণ মামলায় মিজানুর রহমানকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।