মুক্তির আনন্দে কুইন্সটাউন যাচ্ছে তামিমরা

চতুর্থবারও সবাই করোনা নেগেটিভ

 স্পোর্টস রিপোর্টার

করোনাকালে প্রথম বিদেশ সফরে কোয়ারেন্টাইনের কঠোর নিয়মের অভিজ্ঞতা সঙ্গী হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। নিউজিল্যান্ডে পৌঁছার পর থেকে গত ১৪ দিন ক্রাইস্টচার্চে কোয়ারেন্টাইনে ছিল টাইগাররা। আশার কথা, কোনো রকম ঝামেলা ছাড়াই নির্বিঘ্নে কোয়ারেন্টাইন পর্বের শেষান্তে চলে এসেছে বাংলাদেশ দল। আজই বাধ্যতামূলক কোয়ারেন্টাইন পর্ব শেষ হচ্ছে।

টানা চারবার করোনা পরীক্ষায় পুরো দল নেগেটিভ রিপোর্ট পাওয়ায় মুক্ত বাতাসে ঘুরে বেড়ানোর অনুমতি পাচ্ছেন তামিমরা। নিউজিল্যান্ডে পৌঁছেই প্রথমবার করোনার নমুনা দিয়েছিল বাংলাদেশ শিবির। তারপর তৃতীয় দিন, ষষ্ঠ দিন করোনা পরীক্ষা হয়েছিল। তিনবার নেগেটিভ রিপোর্ট আসার পর গ্রুপ করে অনুশীলনের সুযোগ এসেছিল। ১২তম দিনে চতুর্থবার করোনা পরীক্ষা হয়েছে। সেখানেও সবাই নেগেটিভ রিপোর্ট পেয়েছেন। গতকাল ক্রাইস্টচার্চ থেকে বিসিবির মিডিয়া ম্যানেজার এ তথ্য নিশ্চিত করেছেন।

চতুর্থ পরীক্ষায়ও নেগেটিভ রিপোর্ট পাওয়ায় আজ থেকে কোয়ারেন্টাইন থেকে মুক্ত হচ্ছে বাংলাদেশ দল। এখন থেকে সবাই একসঙ্গে চলাফেরা, অনুশীলন করতে পারবে।

আজ বিকেলে ক্রাইস্টচার্চও ছেড়ে যাবেন মাহমুদউল্লাহরা। পরবর্তী গন্তব্য কুইন্সটাউন—ক্রাইস্টচার্চ থেকে ফ্লাইটে ঘণ্টা খানেক দূরত্ব। কুইন্সটাউনে টানা পাঁচ দিন পুরোদমে অনুশীলন করবেন বাংলাদেশের ক্রিকেটাররা। চলবে সিরিজের প্রস্তুতি। বিসিবির মিডিয়া বিভাগ জানায়, ১৬ মার্চ কুইন্সটাউন ছেড়ে ডানেডিনে যাবে দল। সেখানেই ২০ মার্চ সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে তামিম বাহিনী।

ক্রিকেটাররাও যেন মুক্তির আনন্দেই মেতেছেন কোয়ারেন্টাইন শেষ হওয়ায়। গতকাল তরুণ ফাস্ট বোলার হাসান মাহমুদ বলেছেন, ‘অনেক ভালো লাগছে। আজকে (গতকাল) কোয়ারেন্টাইনের শেষ দিন।’ বাঁহাতি পেসার শরীফুল ইসলাম বলেছেন, ‘প্রথম সাত দিন খুব খারাপ লাগছিল। পরের সাত দিন দুই ঘণ্টা করে অনুশীলন করতে পেরে খুব ভালো লাগছিল। এখন পুরোপুরি অনুশীলন করতে পারব, খুব ভালো লাগছে।’

কুইন্সটাউনে আজ সন্ধ্যায় বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টোরি। চড়া মূল্যে নিয়োগ দিলেও ভেট্টোরির মাধ্যমে কাঙ্ক্ষিত সার্ভিস পায়নি বাংলাদেশ। সর্বশেষ ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজে কিছুদিন কাজ করেছিলেন তিনি। এবার নিউজিল্যান্ড সফরে কাজ করবেন তিনি। যদিও এখন বাংলাদেশ দলে বাঁহাতি স্পিনার শুধু নাসুম আহমেদ। তবে নিজের অভিজ্ঞতা দিয়ে কন্ডিশন-উইকেট সম্পর্কে ধারণা দেওয়া এবং পরিকল্পনায় তামিমদের সহযোগিতা করতে পারবেন নিউজিল্যান্ডের এই সাবেক অধিনায়ক।