বাংলাদেশের বিপক্ষে নেই উইলিয়ামসন

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে খেলা হচ্ছে না কেন উইলিয়ামসনের। কনুইয়ের পুরোনো ইনজুরি তাকে মাঠের বাইরে ছিটকে দিয়েছে। গতকাল মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)।

বেশ কিছু দিন ধরে অবশ্য বাঁ কনুইয়ের এই চোট উইলিয়ামসনকে ভোগাচ্ছিল। চলতি নিউজিল্যান্ড গ্রীষ্মের দ্বিতীয় ভাগে ব্যথা নিয়েই খেলেছেন তিনি। এখন চোট এমন রূপ নিয়েছে যে, এই অবস্থায় তার আর খেলার উপায় নেই বলেই মনে করছে নিউজিল্যান্ড ক্রিকেটের ম্যানেজমেন্ট বিভাগ। আবার ব্যাটিং শুরু করতে ১০-১২ দিন সময় লাগতে পারে উইলিয়ামসনের। পুরো ফিট হতে লাগতে পারে সপ্তাহ তিনেক। সেক্ষেত্রে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও তাকে পাবে না নিউজিল্যান্ড। আইপিএলের কারণে অবশ্য টি-টোয়েন্টি সিরিজে এমনিতেও তাকে পাওয়া যাবে না বলে আলোচনা ছিল।