স্পোর্টস রিপোর্টার
জৈব সুরক্ষা বলয়ে থাকলেও করোনা ভাইরাসের আতঙ্ক পিছু ছাড়ছে না বাংলাদেশ ইমার্জিং দল-আয়ারল্যান্ড উলভসের মধ্যকার ওয়ানডে সিরিজকে। চট্টগ্রামে গতকাল সফরকারীদের সঙ্গে থাকা স্থানীয় সাপোর্ট স্টাফের করোনা ধরা পড়ায় সিরিজের তৃতীয় ওয়ানডে নির্ধারিত সময়ের দুই ঘণ্টা পর শুরু হয়েছে। যদিও পরবর্তী টেস্টে নেগেটিভ রিপোর্ট এসেছে। তাই বিলম্ব হলেও মাঠে গড়িয়েছে তৃতীয় ম্যাচ। এর আগে দুই দলের প্রথম ম্যাচ পরিত্যক্ত হয়েছিল করোনা আতঙ্কে।
করোনার ধাক্কার মতোই বাংলাদেশ ইমার্জিং দলের জয়ের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে এ সিরিজে। গতকাল অধিনায়ক সাইফ হাসানের সেঞ্চুরিতে আইরিশদের ৬ উইকেটে পরাজিত করেছে ইমার্জিং দল। এই জয়ে সিরিজে ২-০ তে এগিয়ে গেল স্বাগতিকরা। সঙ্গে সিরিজের চট্টগ্রাম পর্বও শেষ হলো। আজ দুই দল ঢাকায় ফিরবে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের বাকি দুই ওয়ানডে ম্যাচ ও দুটি টি-২০ খেলবে ইমার্জিং দল ও আয়ারল্যান্ড উলভস।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গতকাল টসে হেরে আইরিশরা ৭ উইকেটে ২৬০ রান তুলেছিল। মিডল অর্ডারে লরকান টাকারের হাফ সেঞ্চুরিই যার মূল রসদ। ৫২ বলে ৮২ রান করে অপরাজিত ছিলেন টাকার। ম্যাকুকলাম ৪০, লালোর ২১, টেক্টর ৩৬, ক্যাম্পার ৪৩ রান করেন। ইমার্জিং দলের মুকিদুল ৩টি, সুমন খান ও তৌহিদ হূদয় ১টি করে উইকেট নেন।
রান তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও একপ্রান্ত আগলে দলকে টেনে গেছেন সাইফ হাসান। দলীয় ১৯৫ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে আউট হন ডানহাতি এ ওপেনার। ১২৫ বলে ১২০ রানের (১১ চার, ৫ ছয়) ইনিংস খেলেন তিনি। সাইফ ফেরার পর ৬৯ রানের জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন তৌহিদ হূদয় ও শামীম হোসেন। তৌহিদ হূদয় অপরাজিত ৪৩, শামীম ২৫ বলে অপরাজিত ৪৪ রান করেন। ৪৫.৩ ওভারে ৪ উইকেটে ২৬৪ রান করে জয় তুলে নেয় স্বাগতিকরা। তামিম জুনিয়র ১৭, জয় ১৬, ইয়াসির আলী ১৩ রান করেন। আয়ারল্যান্ডের ডেলানি নেন ২টি উইকেট।