জার্মানির দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন ল্যুভ

শেষ হচ্ছে জার্মানির ল্যুভ-অধ্যায়। জুন-জুলাইয়ে অনুষ্ঠিতব্য ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ শেষে জার্মান জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন কোচ ইয়াকিম ল্যুভ। গতকাল জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছে। ২০০৬ সালে ইয়ুর্গেন ক্লিংসমানের কাছ থেকে দায়িত্ব নেওয়ার পর থেকে ১৫ বছর ধরে জাতীয় দলের দায়িত্বে আছেন এই ৬১ বছর বয়স্ক ম্যানেজার। তার অধীনেই ২০১৪ সালে লিওনেল মেসির আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল জার্মানরা। চুক্তির মেয়াদ ২০২২ বিশ্বকাপ পর্যন্ত থাকলেও আগেভাগেই জাতীয় দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ফেলছেন এই বর্ষীয়ান ম্যানেজার। তবে এই সিদ্ধান্ত যে সুচিন্তিতভাবেই নিয়েছেন, তা তার বিবৃতেও ফুটে উঠেছে, ‘আমি খুবই সচেতনভাবে, ভীষণ গর্ব ও কৃতজ্ঞতার সঙ্গে এই পথে এগুচ্ছি, একই সঙ্গে সামনের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের জন্য অনেক উত্সাহিতও বোধ করছি।’