‘ভুবন মাঝি’ ও ‘গণ্ডি’র পর ‘জেকে ১৯৭১’

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সাহায্য করতে পাকিস্তানের একটি বিমান ছিনতাই করেছিলেন ফরাসি তরুণ জ্যাক ওয়ে। ফলে বাংলাদেশের বন্ধুতে পরিণত হন তিনি। বিমানটি ছিনতাইয়ের উদ্দেশ্য ছিল একটাই- পূর্ব পাকিস্তানের স্বাধীনতাকামী মানুষের জন্য ২০ টন ওষুধ এতে তুলে দেওয়া। তার শর্তপূরণ হলেই মুক্তি পাবে বিমানের সব যাত্রী। কারণ পূর্ব পাকিস্তানের যুদ্ধাহত মানুষদের বাঁচাতে চিকিৎসা সেবা প্রয়োজন। 

বাস্তব এই ঘটনাকে কেন্দ্র করে একটি চলচ্চিত্র পরিচালনা করতে যাচ্ছেন ‘ভুবন মাঝি’ ও ‘গণ্ডি’র নির্মাতা ফাখরুল আরেফিন খান। এর নাম রাখা হয়েছে ‘জেকে ১৯৭১’। মঙ্গলবার (৯ মার্চ) রাতে রাজধানীর একটি হোটেলে তিনি এই ঘোষণা দেন।

ফাখরুল আরেফিন খান জানান, তার নতুন ছবিতে অভিনয় করবেন মোট ৩৬ জন অভিনয়শিল্পী। তাদের মধ্যে চূড়ান্ত হয়েছেন কলকাতার সব্যসাচী চক্রবর্তী ও সৌরভ শুভ্র দাশ। বাকি ৩৪ জনের সবাই বিদেশি। 

আগামী মাসের মাঝামাঝি ‘জেকে ১৯৭১’-এর চিত্রায়ন শুরু হবে। আগস্টের মধ্যে পুরো কাজ শেষ হয়ে যাওয়ার কথা। আগামী ৩ ডিসেম্বর ছবিটি মুক্তি দেওয়া হবে বলে জানান পরিচালক ফাখরুল আরেফিন।

ছবিটির চিত্রনাট্য লিখেছেন মাসুম রেজা। এতে গান থাকছে মাত্র একটি। এটি নিজের কথা ও সুরে গাইবেন সোলসের নাসিম আলী খান। আবহসংগীত করবেন সোলসের পার্থ বড়ুয়া। 

ইত্তেফাক/বিএএফ