ফরিদপুর-৪ আসনের এমপি ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, আগামী ১১ এপ্রিল ভাঙ্গা পৌরসভার নির্বাচন। ঐ নির্বাচনে যোগ্য প্রার্থীকে নৌকা প্রতীক না দিলে এখানেও ভরাডুবির আশঙ্কা রয়েছে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ নমিনেশন বাণিজ্য করার কারণে ইতিপূর্বে ভাঙ্গা ইউপি নির্বাচনে ভরাডুবি হয়েছিল। এবারও তিনি পৌরসভা ও ইউপি নির্বাচন নিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশীর্বাদপুষ্ট হয়ে আমি ভাঙ্গা উপজেলাকে আধুনিক উপজেলায় রূপান্তর করতে পেরেছি। দীর্ঘ ৪০ বছরের উন্নয়ন আমি মাত্র ৭ বছরেই করতে সক্ষম হয়েছি। আগামীতে ভাঙ্গা পৌরসভার ব্যাপক উন্নয়ন করার ইচ্ছা আমার রয়েছে। এরজন্য চাই যোগ্য একজন নৌকার প্রার্থী। আমি আশা করব ভাঙ্গা পৌরসভায় নমিনেশন বোর্ড যোগ্য প্রার্থীকেই নৌকা প্রতীক দিবে। আর যদি যোগ্য প্রার্থীকে নৌকা দিতে কাজী জাফরউল্লাহ কোনো ধরনের নাটক করে অযোগ্য ব্যক্তিকে নৌকা প্রদান করে। এই জন্য যদি আওয়ামী লীগের ঘাঁটি ভাঙ্গায় এবারও নৌকার ভরাডুবি হয় তাহলে এর দায় দায়িত্ব কাজী জাফরউল্লাহকেই নিতে হবে। গতকাল মঙ্গলবার ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের আলগী ন্যাশনাল উচ্চ বিদ্যালয় মাঠে এমপি নিক্সন চৌধুরীকে বিশাল এক গণসংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। ঐ স্কুলটিতে আগামীতে জরুরি ভিত্তিতে চারতলা ভবন নির্মাণ করে শিক্ষার্থীদের পড়ালেখার আরো ভালো সুযোগ করে দেওয়া হবে।
আলগী ইউনিয়ন ন্যাশনাল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রোমান সর্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শামচুল হক ভোলা মাস্টার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী হেদায়েতউল্লাহ সাকলাইন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাইজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোবহান মুন্সি, ভাঙ্গা বাজার বণিক সমিতির সম্পাদক আলহাজ্ব আবু জাফর মুন্সি, আলগী ইউনিয়ন ন্যাশনাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিন রুবেল, আলগী ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ব্যবসায়ী মো. পলাশ মিয়া, আলগী ইউপি চেয়ারম্যান কাওছার ভুঁইয়া, আলগী ইউপি সাবেক চেয়ারম্যান ম.ম ছিদ্দিক ও ভাঙ্গা সরকারি কে এম কলেজের সাবেক জিএস লাবলু মুন্সি প্রমুখ।
অনুষ্ঠান শুরুর আগে কাজী জাফরউল্লাহর সমর্থিত নেতা রোমান সর্দার এমপি নিক্সন চৌধুরীকে ফুলের নৌকা উপহার দিয়ে একাত্মতা প্রকাশ করেন।