ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের ৫০ বছর পূর্তিতে মুক্তিযুদ্ধ জাদুঘরে বিশেষ প্রদর্শনী

বঙ্গবন্ধুর ৭ই মার্চ ভাষণের ৫০ বছর পূর্তি এবং মুজিব শতবর্ষ উপলক্ষ্যে আয়োজিত বিশেষ প্রদর্শনী গত রবিবার মুক্তিযু্দ্ধ জাদুঘর প্রাঙ্গণে শুরু হয়েছে। ‘বিশ্ব জুড়ে ধ্বনিত-প্রতিধ্বনিত ভাষণ’ শিরোনামের এ প্রদর্শনীটি আগামী ৩১ মার্চ পর্যন্ত চলবে। কম্বোডিয়া ও অস্ট্রেলিয়ার গণহত্যা প্রতিরোধ সংগ্রামী, ইতিহাসবিদ ও ইউনেস্কো আন্তর্জাতিক উপদেষ্টা পরিষদ, মেমরি অব দ্য ওয়ার্ল্ডের পূর্বতন সদস্য হেলেন জারভিস ভার্চুয়ালি এ প্রদর্শনীর উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তৃতায় হেলেন জারভিস বলেন, মুক্তিযুদ্ধের সময় প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতির পাশাপাশি অনেক ঐতিহাসিক মূল্যবান দলিলপত্রও নষ্ট হয়েছে কিন্তু সৌভাগ্যক্রমে ৭ই মার্চের ভাষণ অক্ষতভাবে সংরক্ষণ করা গেছে। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ জনগণকে স্বতঃস্ফূর্ত প্রতিরোধ গড়ে তোলার জন্য উত্সাহিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে উল্লেখ করে হেনরী বলেন, শেখ মুজিবুর রহমান আট মাস ধরে পশ্চিম পাকিস্তানের কারাগারে বন্দি থাকলেও তার এই ভাষণে জনগণ অভূতপূর্বভাবে সাড়া দিয়েছিল এবং একটি সশস্ত্র যুদ্ধের মাধ্যমে বিজয় অর্জিত হয়েছে।

৭ই মার্চ ভাষণের ৫০ বছর পূর্তি উদ্যাপন অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক। মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও সদস্য সচিব সারা যাকেরসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি