মেগানের প্রতি আচরণে রাজপরিবারের নিন্দায় হিলারি ক্লিনটন

প্রিন্সেস মেগান মার্কেলের প্রতি আচরণে ব্রিটেনের রাজপরিবারের ভূমিকার নিন্দা জানিয়েছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। আর হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি এমন সাক্ষাত্কার দেওয়ার জন্য মেগানের সাহসের প্রশংসা করেছেন। তবে মেগানের বাবা মনে করেন, ব্রিটেনের রাজপরিবার আসলে বর্ণবাদী নয়। মেগানের মন্তব্যের সঙ্গে একমত নন তার সত্ বোন সামান্থাও। তবে হ্যারিসের বাবা প্রিন্স চার্লস গতকাল প্রশ্নের মুখে পড়লেও নীরব ছিলেন। খবর ডেইলি মেইলের

হিলারি ক্লিনটন ওয়াশিংটন পোস্টের এক লাইভ অনুষ্ঠানে বলেন, প্রিন্স হ্যারি এবং প্রিন্সেস মেগানের সাক্ষাত্কার খুবই হূদয়বিদারক। একজন তরুণ মেয়ে বাঁচতে চাইলেও তাকে সহায়তা করেনি রাজপরিবার। এটা নিন্দাজনক। হিলারি ব্রিটেনের মিডিয়ার আচরণকে ‘বিপজ্জনক’ বলেও উল্লেখ করেন। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি এই ধরনের সাক্ষাত্কারের জন্য মেগান মার্কেলের প্রশংসা করেন। তিনি বলেন, প্রেসিডেন্ট বাইডেনও মানসিক স্বাস্থ্যের বিষয়ে বলাটা পছন্দ করেন। তবে এ বিষয়ে তিনি আর কিছু বলতে চাননি। কারণ তার মতে, ব্রিটেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক খুবই মজবুত এবং ভবিষ্যতেও সেটা অব্যাহত থাকবে।

এদিকে ব্রিটেনের মিডিয়া আইটিভিকে দেওয়া সাক্ষাত্কারে মেগানের বাবা থমাব বলেন, রাজপরিবারের সদস্যদের প্রতি আমার ভীষণ শ্রদ্ধা রয়েছে এবং আমি মনে করি না ব্রিটিশ রাজপরিবার বর্ণবাদী। আমি মনে করি না ব্রিটিশরা বর্ণবাদী। আমি মনে করি লস অ্যাঞ্জেলেস ও ক্যালিফোর্নিয়ার মানুষই বর্ণবাদী। থমাস বলেন, অনাগত শিশুর গায়ের রঙ কেমন হবে বা কতটা কালো হবে, আমি ধারণা ও আশা করছি এটি কারো কাছ থেকে বোকামিপূর্ণ প্রশ্ন। কেউ হয়তো বোকামি থেকেই এই ধরনের প্রশ্ন করেছে। এটা বর্ণবাদী নয়।