দেশের পাশাপাশি পুলিশেরও উন্নয়ন প্রয়োজন :আইজিপি

দেশের উন্নয়নের পাশাপাশি পুলিশেরও উন্নয়ন ঘটানো প্রয়োজন বলে মনে করেন পুলিশ প্রধান (আইজিপি) ড. বেনজীর আহমেদ। তিনি বলেন, এটি একটি বড় চ্যালেঞ্জ। আমরা এই চ্যালেঞ্জ নিয়েছি, যাতে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে পারি। গতকাল মঙ্গলবার বিকালে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মাস্টার্স ইন অ্যাপ্লাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট (এমএসিপিএম) ডিগ্রির সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইজিপি।

ড. বেনজীর আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে গত ১২ বছরে পুলিশের সক্ষমতা অনেক বেড়েছে। দেশ এগিয়ে যাচ্ছে। পুলিশের প্রতি মানুষের প্রত্যাশা বেড়েছে। আমরা গণতান্ত্রিক মূল্যবোধে সমুন্নত একটি সুসংহত পুলিশ বাহিনী গড়ে তুলতে চাই। এজন্য আমরা প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিয়েছি। প্রতিটি স্তরে প্রত্যেক পুলিশ অফিসার ও ফোর্সের জন্য প্রতি বছর প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। ডিগ্রিপ্রাপ্ত গ্র্যাজুয়েটদের অভিনন্দন জানিয়ে আইজিপি বলেন, পেশাগত চ্যালেঞ্জ মোকাবিলায় লব্ধ জ্ঞান কাজে লাগাতে হবে।

বাংলাদেশ পুলিশ স্টাফ কলেজের রেক্টর ড. মোহাম্মদ নাজিবুর রহমানের সভাপতিত্বে ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মো. মশিউর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এমডিএস (একাডেমিক অ্যান্ড রিসার্চ) মো. গোলাম রসুল। বক্তব্য দেন গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা। অনুষ্ঠানে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ব্যাচের মোট ৫৭ জন গ্র্যাজুয়েটকে সার্টিফিকেট প্রদান করা হয়।