নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে আজ বুধবার বেলা ২ টায় মোহাম্মদপুর শহীদ পার্ক মাঠের পরিবর্তে খিলগাঁও তালতলা মার্কেটের এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার রাত ১১টার পরে দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জানান,ঢাকায় পূর্বঘোষিত বিএনপি’র সমাবেশের স্থান পরিবর্তন করা হয়েছে। পুলিশের পরামর্শে এই পরিবর্তন হয়েছে।মোহাম্মদপুর শহীদ পার্ক মাঠে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু এইমাত্র পুলিশের জয়েন্ট কমিশনার মনিরুল ইসলাম আমাকে কর্মসূচির স্থান পরিবর্তনের কথা জানিয়েছন। তিনি বলেন, খিলগাঁও তালতলা মার্কেটের এলাকায় আমাদের বিকল্প স্থান হিসেবে দেওয়া ছিল। আমরা সেখানে সমাবেশের প্রস্তুতি নিচ্ছি।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে সভাপতিত্ব করবেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। এছাড়াও সমাবেশে বিএনপির জাতীয় নেতৃবৃন্দ ও সকল সিটি করপোরেশনের বিএনপির মেয়র প্রার্থীরা উপস্থিত থাকবেন। সমাবেশটি পরিচালনা করবেন-ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র সহ সভাপতি- মুন্সি বজলুল বাসিদ আঞ্জু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক- এ এফ এম আব্দুল আলিম নকি। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে সমাবেশে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ২৩ শর্তে এই সমাবেশের অনুমতি প্রদান করা হয়েছে।