সৌদি আরবকে ইয়েমেনে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে ইরান। একই সঙ্গে তারা এটাও জানিয়ে দিয়েছে যে, এ সমস্যা সমাধানের একমাত্র উপায় হলো রাজনৈতিক আলোচনা। আর তা কেবল ইয়েমেন নয়, বরং অত্র অঞ্চলের সকল রাষ্ট্রের জন্যই মঙ্গলজনক হবে।
আরটি রিপোর্টের বরাত দিয়ে মঙ্গলবার (৯ মার্চ) মিডল ইস্ট মনিটরের খবরে বলা হয়েছে, সোমবার ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খতিবজাদেহ সৌদি আরবকে উদ্দেশ করে এসব কথা বলেন।
সাঈদ খতিবজাদেহ বলেন, ইয়েমেন সঙ্কটের মূল কারণ হলো যুদ্ধ। কিন্তু সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বিশ্বাস করেন যে, যুদ্ধের মধ্য দিয়ে নাকি মাত্র তিন সপ্তাহের ব্যবধানে সঙ্কটের সমাধান হবে।
তেহরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ চলমান সঙ্কটের সমাধান করবে না জানিয়ে তিনি বলেন, যদি রিয়াদ যুদ্ধ শেষ করে তাহলে তেহরান ইয়েমেনের সঙ্কট সমাধানে সহায়তা করতে প্রস্তুত।
ইরানি এই কূটনীতিক বলেন, ইয়েমেনীদের আত্মরক্ষার অধিকার রয়েছে। যাইহোক, সঙ্কট সমাধানের একমাত্র উপায় হলো সংলাপ এবং রাজনৈতিক সমাধান। দেশটিতে যুদ্ধ শেষ করা এবং তাদের ওপর আরোপিত অবরোধ তুলে নেয়ার মধ্য দিয়ে কূটনৈতিক সমঝোতা করতে হবে।
এর আগে রবিবার ১৪টি ড্রোন ও ৮টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দ্বারা সৌদি আরবের তেলক্ষেত্রসহ বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালায় ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। পরে তারা নিজেরাই এর দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে। রিয়াদ থেকেও ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়।
বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে সৌদি আরব ও ইরানের মধ্যকার দ্বন্দ্ব দীর্ঘদিনের। উভয় দেশই মধ্যপ্রাচ্য ও আরব উপসাগরীয় অঞ্চলে নিজেদের কর্তৃত্ব বজায় রাখতে চায়।
ইত্তেফাক/টিএ