কাজী নওশাবা আহমেদ। মডেল, অভিনেত্রী ও সমাজকর্মী হিসেবে পরিচিত তিনি। শর্টফিল্ম, ওয়েব সিরিজ ও সিনেমায় কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি। সম্প্রতি নারী দিবস উপলক্ষে ব্যতিক্রম একটি উদ্যোগও নিয়েছিলেন এই অভিনেত্রী।
নারী দিবসে দৈনিক ইত্তেফাকের অনলাইন ইনচার্জ জনি হকের সঞ্চালনায় ইত্তেফাক অনলাইনের নিয়মিত আয়োজন ‘টুনাইট শো লাইভ’-এ হাজির হন নওশাবা। এসময় নিজের কাজ এবং ব্যক্তিজীবনের নানান বিষয় শেয়ার করেন কাজী নওশাবা আহমেদ।
৮ই মার্চ বিশ্ব নারী দিবসকে কেন্দ্র করে ৭টি পেশাতে দায়িত্বরত নারীদের নিয়ে ফটোশুটের আয়োজন প্রসঙ্গে নওশবা বলেন, “সত্যি কথা বলতে- প্রত্যেকটি পেশাই হলো সম্মানজনক পেশা। বিশেষ করে আমার সহকর্মী, পুলিশ, গার্মেন্টস-কর্মী, পরিচ্ছন্নতা কর্মী, ফটো জার্নালিস্ট, ডাক্তার, গৃহিণী যারা আছেন তাদের সম্মান জানানোর জন্যই এই আয়োজন করেছি। এইসব পেশায় যারা আছেন তাদের সরাসরি সাথে কথা বলেছি, সময় কাটিয়েছি এরপর ফটোশুট করেছি। এটা আমার জন্য দারুণ এক অভিজ্ঞতা। আসলে অন্যের কাছ থেকে সম্মান পেতে হলে আগে তাদের সন্মান দিতে হয়। আমি একজন নারী হিসেবে যদি আমার পাশের নারীকে যদি সম্মান জানাই তাহলে তিনিও আমাকে সম্মান করবেন।”
নওশাবার কথায়, ‘বিনোদন জগতে আগের থেকে নারীদের অনেক পরিবর্তন এসেছে। যেমন- কাস্টিং ডিরেক্টর, কস্টিউম ডিরেক্টর, আর্ট ডিরেকশন, অ্যাসিস্ট্যান ডিরেক্টরসহ সব ক্ষেত্রেই কিন্তু এখন নারীর বিচরণ। সম্প্রতি আমি দুইজন নারী পরিচালকের সাথে কাজ করেছি। তারা এতো সুন্দরভাবে কাজগুলো গুছিয়ে করে! আমি সত্যিই মুগ্ধ।’
নওশাবার ভাষ্য, ‘হ্যাঁ, অভিনয়ে নারীদের অনেক প্রতিবন্ধকতা আছে। তার মধ্যে একটি হলো- বলা হয়ে থাকে, নারীরাই নাকি নারীদের শত্রু। এই ধারণা, এই জায়গা থেকে বের হয়ে এসে সবাই ভালোবেসে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। তাহলে নারীদের অবস্থান সবখানে আরও শক্ত হবে।’
ইত্তেফাক/বিএএফ