কেরানীগঞ্জে চলন্ত বাস থেকে বাকপ্রতিবন্ধী এক নারীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনায় ‘এন মল্লিক’ পরিবহনের বাসের চালক ও হেলপারের দুই দিনের রিমান্ডে মঞ্জুর করেছেন আদালত।
বুধবার ( ১০ মার্চ) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফাইরুজ তাসনীম রিমান্ডের আদেশ দেন। পুলিশ আসামিদের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। রিমান্ডে নেওয়া আসামিরা হলেন- বাসচালক মো. সবুজ ও হেলপার নাহিদ ।
৯ মার্চ দক্ষিণ কেরানীগঞ্জ কুচিয়ামারা সেতু এলাকা থেকে সকালে আসামিদের গ্রেফতার করে র্যাব। সেই সঙ্গে বাসটিও জব্দ করা হয়েছে। এর আগে গত ৭ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়া
একটি ভিডিওতে দেখা যায়, এন মল্লিক নামের একটি বাস থেকে ছুড়ে ফেলা হয় বোরকা পড়া বাক প্রতিবন্ধী ওই নারীকে। মাটিতে পড়ে অস্ফুট স্বরে গোঙাচ্ছিলেন তিনি। পরে স্থানীয়রা গিয়ে ওই প্রতিবন্ধী নারীকে মাটি থেকে তোলেন। ওই এন মল্লিক পরিবহনের বাসের নম্বর ঢাকা মেট্রো ব-১৩-১৫২১। এন মল্লিক বাসটি ঢাকা-নবাবগঞ্জ রুটে চলাচল করে।
ইত্তেফাক/এসআই