শাকিব খানের সিনেমা মানেই হিট—উত্সব! গত দেড় যুগ ধরে এমন চিত্রই দেশের চলচ্চিত্রাঙ্গনে। উত্সব ছাড়াও এ সুপারস্টারের সিনেমা মুক্তি মানেই যেন ঈদের আমেজ। প্রেক্ষাগৃহে দর্শক উপস্থিতি দেখা যায় কানায় কানায় পূর্ণ। চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতে, রাজ্জাক, সালমান শাহ, মান্না পরবর্তী শাকিব খানই একমাত্র নায়ক যিনি আশার প্রদীপ, ভরসার নির্ভরযোগ্য স্থান। তাই পরিচালক- প্রযোজকরা তাকে নিয়ে বাজি ধরেন, এমনকি কোটি টাকা লগ্নি করতেও ভয় পান না।
করোনায় ক্ষতিগ্রস্ত চলচ্চিত্র ইন্ডাস্ট্রি ফের চাঙ্গা করতে এরইমধ্যে শুটিংয়ে নেমেছেন সুপারস্টার শাকিব খান। আসন্ন ঈদে মুক্তির লক্ষ্যে নির্মিত হচ্ছে নতুন সিনেমা ‘অন্তরাত্মা’। যেটি প্রযোজনা করেছেন সোহানী হোসেন, পরিচালনা করছেন ওয়াজেদ আলী সুমন। এতে শাকিবের নায়িকা থাকছেন কলকাতার দর্শনা বণিক।
শাকিব শুটিংয়ে নামার সঙ্গে সঙ্গে ঝিমিয়েপড়া চলচ্চিত্র ইন্ডাস্ট্রি যেন নতুন করে জেগে ওঠেছে। দেশের সিনেমা হল মালিকরা তাই মনে করছেন। ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমা হলের কর্ণধার ও হল মালিক সমিতির সাবেক সভাপতি ইফতেখার নওশাদ বলেন, ‘শাকিবের সিনেমা ছাড়া ব্যবসা হয় না। সারাবছর লোকসান গুনতে হয়। বছরে শাকিবের যে সিনেমাগুলো আসে তাতেই ব্যবসা হয়। এমনও দেখা যায়, নতুন সিনেমার চেয়ে শাকিবের পুরাতন সিনেমাগুলো বেশি ব্যবসা করে। সেদিক বিবেচনায় শাকিবই একমাত্র ভরসা।’
শুটিংয়ের দুদিনের মাথায় শাকিব খান তার ‘অন্তরাত্মা’ সিনেমার লুক প্রকাশ করেছেন নিজের ইনস্টাগ্রাম ও ফ্যানপেজে। মুহূর্তেই ভাইরাল হয়ে যাওয়া লুক দুটিতে দর্শক সাড়ায় শাকিব খান নিজেও অবাক হয়েছেন। তিনি লক্ষ্য করেছেন, দর্শক তার এ লুক লুফে নিয়েছেন। ভাসাচ্ছেন প্রশংসায়। শাকিব খান এ থেকে নিজেও উত্সাহিত হয়েছেন বলে জানিয়েছেন।
পাবনা থেকে শুটিংয়ের অবসরে সুপারস্টার শাকিব খান বলেন, ‘অন্তরাত্মা’ পুরোপুরি গল্পপ্রধান সিনেমা। শিকারী, নবাব ছবিগুলোর লুক নিয়ে দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছিলাম। তিন বছর পর আবারও সেই ধরনের সাড়া পেলাম। গল্পের পাশাপাশি টেকনিক্যাল হ্যান্ডস যারা আছেন, প্রত্যেকেই সর্বাধুনিক। তাছাড়া খুব গোছানো পরিবেশে সিনেমাটির কাজ হচ্ছে।’
ছবি ফারহান রোমান