করোনা রোগীর চাপে ‘ভেঙে পড়ার কাছাকাছি’ ব্রাজিলের হাসপাতালগুলো

করোনা ভাইরাস মহামারির কারণে রোগীর চাপে ব্রাজিলের বড় বড় শহরের হাসপাতালগুলো ‘ভেঙে পড়ার কাছাকাছি’ রয়েছে বলে সতর্ক করে দিয়েছে দেশটির গবেষণা সংস্থা ফায়োক্রুজ ইনস্টিটিউট।

রিও ডি জেনেরিও ভিত্তিক ইনস্টিটিউটটি বলছে, ব্রাজিলে ২৭টি রাজ্যের ২৫টির রাজধানীতে ৮০ শতাংশের বেশি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) বেড খালি নেই। ইনস্টিটিউটটির প্রতিবেদনে বলা হয়, ব্রাজিলের ১৫টি রাজ্যের রাজধানীতে আইসিইউ রয়েছে, যা রিও ডি জেনেরিও, ব্রাসিলিয়া এবং সাও পাওলোসহ ৯০ শতাংশ বেশি ধারণ ক্ষমতাসম্পন্ন। তবে পোর্তো আলেগ্রে এবং ক্যাম্পো গ্র্যান্ডে এই দুইটি শহরের আইসিইউগুলোর ধারণ ক্ষমতা এরই মধ্যে পূর্ণ হয়ে গেছে। প্রতিবেদনে সতর্ক করে দিয়ে বলা হয়, এই অবস্থা ব্রাজিলের স্বাস্থ্য ব্যবস্থা যে হুমকির মুখে, তারই ইঙ্গিত দেয়।

প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, করোনা মোকাবিলায় শারীরিক ও সামাজিক দূরত্বসহ মাস্ক পরা ও স্বাস্থ্য সুরক্ষার পদক্ষেপ আরো জোরদার প্রয়োজন। এদিকে গত মঙ্গলবার ব্রাজিলে করোনায় ১ হাজার ৯৭২ জনের মৃত্যু হয়েছে, যা দেশটিতে দৈনিক মৃত্যুতে রেকর্ড। দেশটিতে এখন পর্যন্ত ২ লাখ ৬৬ হাজার মানুষের মৃত্যু হয়েছে। আর শনাক্ত হয়েছে ১ কোটি ১০ লাখেরও বেশি করোনা রোগী।