স্বর্ণের দাম এবার ভরিতে ২০৪১ টাকা কমল

দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে দুই হাজার ৪১ টাকা করে কমেছে। এতে ২২ ক্যারেটের ভরি প্রতি সর্বোচ্চ দাম দাঁড়িয়েছে ৬৯ হাজার ১১০ টাকা। তবে অপরিবর্তিত রয়েছে রূপার দাম। গতকাল বুধবার থেকে নতুন দামে বিক্রি শুরু হয়েছে অলংকার তৈরির এ ধাতু। মঙ্গলবার রাতে বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাজুস জানিয়েছে, ধীরে ধীরে বিশ্বব্যাপী করোনার ভ্যাকসিনের প্রয়োগ শুরু হলেও এর প্রভাব এখনো পুরোপুরিভাবে অর্থনীতিতে পড়েনি। ফলে নানা জটিল সমীকরণে বিশ্ব বাজার এখনো অস্থির। এরই মধ্যে আন্তর্জাতিক বাজারে সোনার দাম কিছুটা নিম্নমুখী। তাই দেশীয় জুয়েলারির বাজারে অচলাবস্থা কাটাতে ও ভোক্তা সাধারণের কথা চিন্তা করে চলতি বছরে টানা দ্বিতীয়বারের মতো বাজুস ভরিপ্রতি সোনার দাম ২ হাজার ৪১ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। বুধবার থেকে কার্যকর হবে এটি। তবে অপরিবর্তিত থাকবে রুপার দাম।

বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা গেছে, গতকাল বুধবার থেকে ভালো মানের অর্থাত্ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ৬৯ হাজার ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের সোনা ৬৫ হাজার ৯৬০ টাকা, ১৮ ক্যারেটের সোনা ৫৭ হাজার ২১১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ৪৬ হাজার ৮৯০ টাকা। সোনার দাম কমলেও পূর্বের নির্ধারিত দাম বহাল থাকছে রুপার ক্ষেত্রে। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতিতে রুপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে। গত মঙ্গলবার পর্যন্ত দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ৭১ হাজার ১৫১ টাকা। ২১ ক্যারেটের সোনা ৬৮ হাজার ১ টাকা, ১৮ ক্যারেটের ৫৯ হাজার ২৫২ টাকায় বিক্রি হয়েছে।