সরকার বাফুফেকে টাকা দিয়েছে। সেই টাকা বাফুফে জেলাগুলোকে দিয়েছে। কিন্তু টাকা নিয়েও যদি লিগ আয়োজন না করা হয় তাহলে কঠিন পথে যাবে বাফুফে। প্রয়োজনে আইনি ব্যবস্থা নিতেও কার্পণ্য করবে না বাফুফে। গতকাল বাফুফেতে জেলা লিগ কমিটির প্রথম সভা হয়ে গেছে। সেখানে কমিটির চেয়ারম্যান কাজী সালাহউদ্দিন, ডেপুটি চেয়ারম্যান আতাউর রহমান মানিক, মহিউদ্দিন আহমেদ মহি, বিজন বড়ুয়া, আব্দুল ওয়াদুদ পিন্টু, আরিফ হোসেন মুন, মাহফুজা আক্তার কিরণ, সাইফুল ইসলাম, মহিদুর রহমান মিরাজ, আবু নাঈম সোহাগ উপস্থিত ছিলেন।
উত্তপ্ত সভা হয়েছে। বিশেষ করে যে সব জেলা টাকা নিয়েও লিগ আয়োজন করেনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়েছে। তার চেয়েও ভয়ংকর ব্যাপার হচ্ছে লিগ আয়োজনের টাকা নিয়ে লিগ আয়োজন করেনি টাকাও খরচা হয়ে গেছে। লিগ না করে টাকা কীভাবে খচর হলো তা নিয়েই কাল দুপুরে উত্তপ্ত সভায় আতাউর রহমান মানিক বলছিলেন আইনি ব্যবস্থা নিতে। তিনি বলেন, ‘টাকা দেওয়া হয়েছে ফান্ডে। টাকা নেই লিগও হয়নি। আইনি ব্যবস্থা নিতে হবে।’ তার এই কথা শুনে পাশেই বসা বাফুফের সভাপতিও হ্যাঁ সূচক জবাব দিলেন। পরে সালাহউদ্দিন বললেন, ‘জেলাগুলোর কাছ থেকে ব্যাংক স্টেটমেন্ট নেওয়ার নির্দেশ দিলেন।’
রাজশাহী জেলা ফুটবল অ্যাসোসিয়েশনে টাকা নিয়েছে কিন্তু খেলা আয়োজন করেনি। এই নিয়ে বর্তমান কমিটি এবং আগের কমিটির মধ্যে কথার চালাচালি চলছে। বাফুফে জানিয়েছেন, আগের কমিটি টাকা খরচ করেছে। তাই বর্তমান কমিটি খেলা আয়োজন করতে পারেনি। এই তাদের মধ্যে চিঠি দেওয়া-নেওয়া হচ্ছে। যেটাই হয়ে থাকুক বাফুফে কাল পরিষ্কার জানিয়েছে, সরকার টাকা দেওয়ার সময় বলে দিয়েছে অডিট থাকতে হবে। কোথায় টাকা খরচ হয়েছে তা দেখাতে হবে। সরকারি নিয়ম অনুসারে টাকা বরাদ্দ দেওয়ার সময় কয়েকটি নির্দেশনার কথা বলে দেওয়া হয়েছিল। কোথায় কীভাবে টাকা খরচ হয়েছে তার দালিলিক প্রমাণ দিতে হবে। সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেছেন, ‘আমরা সরকারের নিয়মের বাইরে যেতে পারব না। অর্থ ব্যয়ে অনিয়ম করা যাবে না।’
শুধু রাজশাহী নয়, বগুড়ার বিরুদ্ধেও একই কথা উঠেছে। তবে রাজশাহীর চেয়ে বগুড়া একটু এগিয়ে, কারণ বগুড়ায় প্রথম বিভাগের ৬টি খেলা হয়েছে। বগুড়ায় নতুন কমিটি এবং পুরাতন কমিটির মধ্যে কথার চালাচালি চলছে। এসব বিষয় নিয়ে বাফুফে খুবই বিব্রত। যারা ফুটবল লিগ আয়োজন করেছে তাদের ধন্যবাদ জানিয়েছেন সালাহউদ্দিন। আর যারা খেলা আয়োজন করতে পারেননি তাদের প্রতি অনুরোধ করেছেন যেন খেলাটা আয়োজন করা হয়।